এলপিজি প্রযুক্তিতে গাড়ির জ্বালানি খরচ কমবে ৪০ শতাংশ
দেশে তৈরি হচ্ছে মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো গাড়ি
- জ্বালানি খরচ ৪০% কমাতে এলপিজি সুবিধাসম্পন্ন মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো বাজারে এলো
- গাজীপুরের র্যাংকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাত আসনের এই এসইউভি তৈরি হচ্ছে
- পাঁচ বছরের এলপিজি কিট ওয়ারেন্টিসহ গাড়িটির বিক্রয়মূল্য ৩৬ লাখ টাকা
চলতি বছর দফায় দফায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় ব্যক্তিগত যানবাহনের খরচ কমাতে এলপিজিতে (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) চলা ‘মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো’ মডেলের গাড়ি স্থানীয়ভাবে তৈরি ও বাজারজাত শুরু করেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। ১৩ অক্টোবর , মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্যে জানানো হয়, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত র্যাংকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অত্যন্ত সুনির্দিষ্ট অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে সাত আসনের এই বহুমুখী গাড়িটি নির্মিত হচ্ছে। প্রচলিত অকটেন বা পেট্রোলচালিত গাড়ির তুলনায় এই এলপিজি চালিত মডেলে প্রতি কিলোমিটারে পরিচালন খরচ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এক্সপ্যান্ডার ইকোতে উন্নত ইউরোপীয় এলপিজি কিট সরাসরি অ্যাসেম্বলি লাইনে যুক্ত করা হয়েছে। সিএনজির মতো অতিরিক্ত উচ্চ চাপে গ্যাস প্রবেশ করাতে হয় না বলে এলপিজি ট্যাংক আকারে বেশ ছোট, হালকা ও সুরক্ষিত থাকে। এক্সপ্যান্ডার ইকো মডেলে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ পড়ে মাত্র ৭ টাকা। সাধারণ হাইব্রিড গাড়িতে জটিল ইলেকট্রিক মোটর, ব্যাটারি ও ব্রেক বুস্টারের মতো অতিরিক্ত যন্ত্রাংশের নিয়মিত উচ্চ রক্ষণাবেক্ষণ খরচ থাকে, যা এই মডেলে নেই।
গাজীপুরের কারখানায় তৈরি সাত আসনের এই এসইউভি ঘরানার গাড়িটির ক্লাসিক, প্রিমিয়াম ও স্পোর্টস নামের আরও তিনটি সংস্করণ রয়েছে। গ্রাহকরা চাইলে ইকোসহ বাকি তিনটি সংস্করণকেও এলপিজিতে রূপান্তর করে নিতে পারেন। বাংলাদেশে স্থানীয়ভাবে অ্যাসেম্বল করায় এই মডেলগুলোর বাজারমূল্য একই মানের সংগৃহীত বা আমদানি করা গাড়ির তুলনায় প্রায় ২০ শতাংশ পর্যন্ত কম পড়ে।
যান্ত্রিক স্পেসিফিকেশনের ক্ষেত্রে গাড়িটিতে শক্তিশালী ১.৫ লিটার মাইভেক (MIVEC) ইঞ্জিন যুক্ত করা হয়েছে। বাংলাদেশের গ্রামীণ ও শহরের অসম রাস্তার কথা বিবেচনায় রেখে গাড়িটির হুইল গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে ২২০ মিলিমিটার, যা গাড়িটিকে দারুণ স্ট্যাবিলিটি দেয়।
স্মার্ট ডিজাইনের অংশ হিসেবে ৪০ লিটারের এলপিজি সিলিন্ডারটি সরাসরি গাড়ির চেসিসের নিচে বসানো হয়েছে, যার ফলে বুটস্পেসের বা ট্রাঙ্কের ভেতরের পুরো জায়গাই মালামাল পরিবহনে ব্যবহার করা যাবে। এর পাশাপাশি গাড়িটিতে রয়েছে ৪৫ লিটারের ডেডিকেটেড অকটেন ট্যাংক, যা দীর্ঘ দূরত্বের দূরপাল্লার ভ্রমণে নিশ্চিন্ত পারফরম্যান্স দেয়। মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো সংস্করণটির বর্তমান বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ লাখ টাকা। এই গাড়িটির ক্রয়ে এলপিজি কিটে ৫ বছরের বিক্রয়োত্তর গ্যারান্টি এবং ১ বছরের সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস সুবিধা দেবে ব্র্যান্ডটি।
//ডিবিটেক/এএজেডএ/এসএমপি/এমভিএনও/ডিপিওই//





