প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণ
সদস্যদের এআইভিত্তিক ই-ব্যবসা প্রশিক্ষণ দিলো ই-ক্যাব
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ‘এআই বেইজড ই-বিজনেস প্রমোশন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ‘এআই বেইজড ই-বিজনেস প্রমোশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ২১ জুন, রবিবার আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-ক্যাবের প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহম্মদ।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বৈশ্বিক ব্যবসা ও বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে এবং ডিজিটাল ব্যবসার প্রসারে এআইভিত্তিক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, দেশের ই-কমার্স খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং টেকসই করতে ই-ক্যাব ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা জানান, এআই ও ই-ব্যবসাবিষয়ক জ্ঞান তাদের ব্যক্তিগত, পেশাগত এবং ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় বিশেষ অতিথি ইঞ্জি. মো. আশরাফ উদ্দিনের অনুপস্থিতিতে তার সহধর্মিণী জান্নাতুল হক অনুষ্ঠানে অংশ নেন।
বক্তব্যে তিনি ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং ই-ব্যবসা সম্প্রসারণে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম,এবং বিশেষ অতিথি হিসেবে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. আশরাফ উদ্দিন, বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহকারী সম্পাদক এইচ এম সাইফ আলী খান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের উপস্থিত থাকার কথা ছিল।
তবে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তারা অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।
//ডিবিটেক/ইএইচইসি/এমআই//





