দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অক্টোবরে টিএমজিবির নতুন কমিটির নির্বাচন

  • ২০২৩–২৪ ও বর্ধিত ২০২৫ মেয়াদের কার্যক্রম অনুমোদন
  • কার্যনির্বাহী কমিটির সদস্য ১১ থেকে ৯ করার সিদ্ধান্ত
  • ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন অক্টোবরে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ

অক্টোবরে টিএমজিবির নতুন কমিটির নির্বাচন
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫১  

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ২০২৩–২৪ মেয়াদ ও বর্ধিত ২০২৫ মেয়াদের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি কার্যনির্বাহী কমিটির আকার কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

১৯ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ টিএমজিবির সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। পরে কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল আর্থিক বিবরণী উপস্থাপন করেন। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে দুটি প্রতিবেদনই অনুমোদিত হয়।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করতে কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১১ থেকে কমিয়ে ৯ করার প্রস্তাবও সভায় উত্থাপন করা হয়। সাধারণ সদস্যদের সর্বসম্মতিতে প্রস্তাবটি অনুমোদিত হয়।

সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ে সাধারণ সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা মতামত দেন। এ সময় বক্তব্য দেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহসভাপতি মইদুল ইসলাম, সহসভাপতি কুমার বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম দাস্তগীর তৌহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী।

সভায় ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন আয়োজন নিয়েও আলোচনা হয়। আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের নাম ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহিম এবং টিএমজিবি ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলাম (সুমন আফসার)।

//ডিবিটেক/বিডিজেটি/বিপিও/এমআইএস//