ডিজিটাল নকশা, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি ও আধুনিক প্রকৌশল মানে নির্মিত হবে ৫২ ফ্ল্যাটের ভবন
ডুয়েটের প্রযুক্তি সহায়তায় ইউজিসির ১৪ তলা স্মার্ট আবাসন প্রকল্প
- ডুয়েট ছয় মাসের মধ্যে প্রকল্পের ডিপিপি, স্থাপত্য ও কাঠামোগত নকশা প্রস্তুত করবে।
- মিরপুর-১৪-এ ১৪ তলা ভবনে ৫২টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইউজিসি।
- পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি ও আধুনিক প্রকৌশল নকশা ব্যবহার করা হবে।
দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নিজস্ব অর্থায়নে রাজধানীর মিরপুর-১৪ আবাসিক কমপ্লেক্সে ১৪ তলা বিশিষ্ট একটি আধুনিক আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। ৫২টি ফ্ল্যাটসমৃদ্ধ ভবনটির প্রকল্প পরিকল্পনা, স্থাপত্য ও কাঠামোগত নকশা এবং বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
এ লক্ষ্যে ইউজিসি ও ডুয়েটের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের ধারণাপত্র, ডিপিপি এবং নকশা প্রস্তুত করা হবে। এরপর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্মাণকাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে ভবনটি বসবাসের উপযোগী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত ভবনে ৫২টি ফ্ল্যাট থাকবে। এর মধ্যে তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য ৮০০ বর্গফুট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনে বেসমেন্টসহ আধুনিক সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী অনুসরণ করা হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা কমিশনের অন্যতম অগ্রাধিকার। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের নকশা ও ডিপিপি সম্পন্ন করে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের দক্ষ প্রকৌশলী ও স্থপতিরা নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের সব কারিগরি কাজ সম্পন্ন করবেন।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি ইতোমধ্যে পরিকল্পনা কমিশনের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদনের পর দ্রুত বাস্তবায়ন শুরু হবে।
//ডিবিটেক/আইএইচআই/এমইউআইএম//





