লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
- লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
- অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা আইনত দণ্ডনীয়
- এসব প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই অনলাইনে পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম বা গেটওয়ে শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করতে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
২৭ সেপ্টেম্বর রবিবার জারি করা সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের পেমেন্ট সেবা পরিচালনা ও এসব প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করা আইনবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ।
লাইসেন্স ছাড়া পেমেন্ট সেবা নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি দেশের ভেতরে পেমেন্ট ব্যবস্থা পরিচালনা বা কোনো ধরনের পেমেন্ট সেবা দিতে পারে না।
আইনের ৩৭(১) ধারায় এ বিধান লঙ্ঘনের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মে লেনদেন করলে গ্রাহক আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি জটিলতার ঝুঁকিতেও পড়তে পারেন।
এ কারণে অনলাইন পেমেন্ট বা আর্থিক লেনদেনের আগে সেবাদাতা প্রতিষ্ঠানের অনুমোদন ও বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে শনাক্ত করা প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কোনো ধরনের লেনদেন বা কার্যক্রমে যুক্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
শনাক্ত ২২ প্ল্যাটফর্ম
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে লাইসেন্সবিহীন হিসেবে শনাক্ত প্ল্যাটফর্মগুলো হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay, CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay.Ltd, Biswasto এবং PipraPay।
কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার পর অনলাইন পেমেন্ট ব্যবহারে অনুমোদিত ও বৈধ সেবাদাতার মাধ্যমে লেনদেনের বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে।
//ডিবিটেক/বিএনও/এমএনপি/বিপিও//





