ই-ক্যাব নির্বাচনে উত্তেজনা

মুক্ত হলেন ই-ক্যাবের নারী উদ্যোক্তা নওরীন

  • ই-ক্যাব নির্বাচনে প্রার্থী হওয়ার ফরম সংগ্রহ করতে গিয়ে মবের শিকার
  •  মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ওঠে 
  • এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফাহিম মাশরুর 

মুক্ত হলেন ই-ক্যাবের নারী উদ্যোক্তা নওরীন
১১ নভেম্বর, ২০২৬ ২১:৫৪  

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়া নারী উদ্যোক্তা হোসনে আরা নূরী নওরীন সকল জটিলতা কাটিয়ে ১১ নভেম্বর, বুধবার রাত পৌনে ৯টার দিকে থানা থেকে মুক্ত হয়েছেন। ই-ক্যাবের বেশ কয়েকজন সদস্য তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে ছিলেন।

এর আগে বিকেলে ধানমন্ডিতে ই-ক্যাব কার্যালয়ের সামনে কয়েকজন নারী তার গতি রোধ করেন এবং তাকে ধরে ধানমন্ডি থানায় নিয়ে যান। ঘটনার সময় তার মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলা হয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারীরা যুবদলের কর্মী এবং তারা নওরীনকে সাবেক তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দোসর ও আওয়ামী লীগ নেতা হিসেবে আখ্যা দিয়ে স্লোগান দিচ্ছিলেন। নওরীন এর আগে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ই-ক্যাব নির্বাচনে প্রার্থী হওয়ার আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) গোপনে নওরীনের বিষয়ে প্রতিবেদন দিয়ে তাকে ছাড়পত্র দিয়েছিল। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল।

এদিকে, এর আগে ১০ নভেম্বর সভাপতি প্রার্থী সাকিফ শামীমের পক্ষে নমিনেশন পেপার সংগ্রহ করতে গিয়ে তার অফিসের এক প্রতিনিধিও ই-ক্যাব অফিসে হামলার শিকার হন এবং তার ফরমও ছিঁড়ে ফেলা হয়। এ বিষয়ে সাকিফ শামীম অভিযোগ করেন যে সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার সাদাতের ইন্ধনে এই হামলা হয়েছে। তবে আনোয়ার সাদাত দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ চেক করার আহ্বান জানান। ই-ক্যাব সেক্রেটারিয়েট নিশ্চিত করেছে যে দুর্ঘটনাটি মূল অফিসে ঘটেনি এবং চাইলে ফুটেজ দেখা যাবে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার সাদাত বলেন, ঘটনা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর কেউ কোনো অভিযোগ করলে তার জন্য ন্যূনতম প্রমাণ লাগে। ই-ক্যাব অফিসে সিসিটিভি আছে, ফুটেজ চেক করলেই তো প্রমাণ পাওয়া যায়!

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ই-ক্যাব সদস্য এবং গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটির সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, “এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারাই এই মবের সাথে জড়িত তারা এই ইন্ডাস্ট্রির কোনো ভালো চায় না।” উল্লেখ্য, ই-ক্যাব নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি গত ৬ নভেম্বর শুরু হয় এবং আগামী ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

//ডিবিটেক/এইচএসই/এসএমই/এমএসআই//