অভিযোগের আগেই নিজস্ব প্রযুক্তিতে শনাক্ত হয়েছে ৯৯.৮ শতাংশ কনটেন্ট

বাংলাদেশে প্রায় দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

  • কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে এপ্রিল-জুন সময়ে বাংলাদেশ থেকে সরানো হয়েছে ১ কোটি ৪৭ লাখের বেশি ভিডিও
  • বিশ্বজুড়ে সরানো ১৮ কোটি ৮২ লাখ ভিডিওর ৯২.৭ শতাংশই সরানো হয়েছে আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে
  • নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটি ভুয়া এবং পৌনে ৩ কোটি অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট মুছে দিয়েছে টিকটক

বাংলাদেশে প্রায় দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক
৩০ অক্টোবর, ২০২৬ ১৯:১৬  

প্ল্যাটফর্মে নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং ক্ষতিকর কনটেন্ট অপসারণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল–জুন) ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে সংক্ষিপ্ত ভিডিও তৈরির জনপ্রিয় মাধ্যম টিকটক।

প্রতিবেদনে নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (AI) মডারেশন প্রযুক্তির মাধ্যমে সেগুলো সরিয়ে ফেলার সুনির্দিষ্ট চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রান্তিকে নীতিমালার ব্যত্যয় ঘটায় বাংলাদেশে মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক, যা এ সময়ে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় ০.৯ শতাংশ। ব্যবহারকারীদের কাছ থেকে কোনো অভিযোগ বা রিপোর্টিং আসার আগেই নিজস্ব স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে এসব কনটেন্টের ৯৯.৮ শতাংশ শনাক্ত করে সরানো হয়।

শনাক্ত হওয়া ভিডিওগুলোর মধ্যে ৯২.৭ শতাংশই আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্ম থেকে অপসারণ করা হয়। পরবর্তীতে পর্যালোচনা ও আপিল যাচাইয়ের পর ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বব্যাপী একই প্রান্তিকে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও সরিয়ে ফেলেছে, যা বিশ্বজুড়ে আপলোড হওয়া কনটেন্টের প্রায় ০.৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে। বৈশ্বিক পর্যায়ে সরানো ভিডিওর ৯৯.৫ শতাংশ ব্যবহারকারীদের অভিযোগের আগেই শনাক্ত হয় এবং ৯২.৭ শতাংশ সরানো হয় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। পরবর্তীতে পর্যালোচনার মাধ্যমে বিশ্বজুড়ে ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও পুনর্বহাল করা হয়।

পুরোনো ক্ষতিকর ভিডিও এবং আপত্তিকর মন্তব্য শনাক্তেও জোরদার করা হয়েছে এআই মডারেশন। দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ২৭ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৪৬৩টি নীতিমালার পরিপন্থী কমেন্ট সরানো হয়েছে, যা প্রথম প্রান্তিকের (২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮) তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

অ্যাকাউন্ট নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেদনটিতে জানানো হয়, এই প্রান্তিকে প্ল্যাটফর্মটি থেকে বিশ্বজুড়ে ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্ট স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ডিজিটাল সুরক্ষায় ১৩ বছরের কম বয়সী সন্দেহে নিষ্ক্রিয় করা হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি অ্যাকাউন্ট।

নীতিমালা লঙ্ঘনের ধরন বিশ্লেষণে দেখা গেছে, বৈশ্বিকভাবে সরানো ভিডিওর ১৯.৫ শতাংশে ছিল সংবেদনশীল বা প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্ট, ১৩.৮ শতাংশে অশালীন আচরণ, ১৩.৭ শতাংশে প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ নিরাপত্তা লঙ্ঘন এবং ১৩.৫ শতাংশে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টের (AIGC) বিধিনিষেধ অমান্য করায় সরানো হয়েছে মোট ভিডিওর ১.৮ শতাংশ বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/সিবিইসি/এসএমপি/এমআইএসটি//