ইলেকট্রনিক্স শিল্পে নতুন সম্ভাবনা
অ্যাপলকে বাংলাদেশে আমন্ত্রণ!
- বাংলাদেশে ডিভাইস উৎপাদনে অ্যাপলকে আনুষ্ঠানিক প্রস্তাব
- আগামী ৫ বছরে ইলেকট্রনিক্স খাতকে পোশাকশিল্পের উচ্চতায় নেওয়ার লক্ষ্য
- গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ গালা নাইটে তরুণ উদ্ভাবকদের পুরস্কৃত
মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আমন্ত্রণ জানিয়েছে সরকার। এরই মধ্যে এই টেক জায়ান্টের সঙ্গে প্রাথমিক আলাপও বেশ এগিয়েছে।
১০ নভেম্বর, মঙ্গলবার তরুণ উদ্ভাবকদের নিয়ে গ্রামীণফোনের ফ্লাগশিপ প্রোগ্রাম ‘ফিউচারমেকার্স’ গালা নাইটে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পোশাক শিল্পের পরেই কনজিউমার ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও ডিভাইস উৎপাদন শিল্প সরকারের অগ্রাধিকারে রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক বা তৈরি খাতগুলোতে আমরা যা অর্জন করেছি, আগামী পাঁচ বছরে আমাদের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পকেও আমরা সেই উচ্চতায় নিয়ে যেতে পারব। বিগত বাজেটের পরিবর্তনের পর ইলেকট্রনিক্স উৎপাদনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি। আমি আপনাদের জানাতে পারি যে, অ্যাপল ছাড়া বর্তমানে উন্নতমানের প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনই বাংলাদেশে তৈরি হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, অন্যান্য কোম্পানির মতো অ্যাপলও কোনো দেশে যাওয়ার আগে দুই-তিন বছর সময় নিয়ে বাজার বিশ্লেষণসহ নানা বিষয় যাচাই করে। “তাদের যাত্রায় বাংলাদেশ কীভাবে অংশীদার হতে পারে, বাংলাদেশ কীভাবে তাদের সহায়তা করতে পারে, কিংবা তাদের ভবিষ্যৎ উদ্ভাবন ও ভবিষ্যৎ উৎপাদনের কেন্দ্র হিসেবে বাংলাদেশ কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ও প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দের সান্নিধ্যে ‘এআই ফর সোশ্যাল গুড’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ‘টিম লাবডাব’; যাদের তৈরি ‘ইকোক্লিপ’ যন্ত্রটি সাধারণ স্টেথোস্কোপের সঙ্গে যুক্ত করে হৃদ্রোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে।
নদীভাঙনের পূর্বাভাস দেওয়ার এআইভিত্তিক ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় হয়েছে ‘টিম রিভার সেন্টিনেল’, যার মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তের পাশাপাশি আগাম সতর্কবার্তা দেওয়া সম্ভব।
আর কথা বলার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এআইনির্ভর স্পিচ থেরাপি অ্যাপ ‘স্পষ্ট এআই’ তৈরি করে তৃতীয় স্থান অর্জন করেছে ‘টিম জিনক্সড’।
//ডিবিটেক/আইএইচ/এসএমই/এফওপিটিই//





