কেজিএফের অর্থায়নে জার্মপ্লাজম স্ক্রিনিং প্রকল্পের আওতায় উন্নত বীজ ও চারা বিতরণ

বাকৃবিতে পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণকাল বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ

  • পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণকাল দীর্ঘায়িত করতে বাকৃবির উদ্যানতত্ত্ব ফার্মে ৩০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান
  • কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে উদ্যানতত্ত্ব বিভাগের বিশেষ প্রকল্পের আওতায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ
  • ধান চাষের চেয়ে পেঁয়াজ অধিক লাভজনক উল্লেখ করে উৎপাদন ব্যবস্থা আধুনিকায়নে জোর দিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আলী রেজা ফারুক

বাকৃবিতে পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণকাল বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ
৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৫  

দেশে পেঁয়াজের মানসম্মত বাল্ব ও বীজ উৎপাদন বৃদ্ধি এবং পেঁয়াজের সংরক্ষণকাল দীর্ঘায়িত করার বৈজ্ঞানিক লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ এবং উন্নত জাতের বীজ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর, ২০২৬ সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব ফার্মের অ্যালিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের উদ্যোগে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে পরিচালিত ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ব্যবহারিক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, কেজিএফের সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর শরীফ-আর-রাফি।

উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকল্পের প্রধান গবেষক (পিআই) ও একই বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রান্তিক চাষিদের মধ্য থেকে দুজন কৃষক ও কৃষাণী মাঠপর্যায়ে পেঁয়াজ চাষ ও সংরক্ষণের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক বলেন, "পেঁয়াজ আমাদের জাতীয় অর্থনীতিতে একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। প্রচলিত ধান চাষের তুলনায় পেঁয়াজ চাষ কৃষকদের জন্য অনেক বেশি লাভজনক হওয়ায় এই ফসলের সার্বিক উৎপাদন বৃদ্ধিতে গবেষণালব্ধ প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। মানসম্মত জাত বাছাই এবং সংরক্ষণকাল দীর্ঘায়িত করার এই উদ্যোগ দেশের কৃষি অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে।"

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ উল্লেখ করেন, বর্তমান খাদ্যাভ্যাসে পেঁয়াজ কেবল মসলাজাতীয় পণ্য নয়, বরং দৈনন্দিন পুষ্টিকর সবজি হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত বীজের সহজলভ্যতা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি।

আলোচনা পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চর নিলক্ষীয়া এলাকা থেকে আগত ৩০ জন প্রান্তিক কৃষক ও কৃষাণীর হাতে মানসম্মত ও উচ্চফলনশীল পেঁয়াজের বীজ ও চারা তুলে দেন অতিথিরা।

//ডিবিটেক/আরাফাত হোসাইন/ এসএমপি/এমভিএনও//