প্রযুক্তির সঙ্গে মানবিক দক্ষতায় গুরুত্বারোপ

এআই যুগে বদলাতে হবে কর্মপ্রবাহ ও শাসনব্যবস্থা

  • গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ১৩৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৫তম
  • স্বাস্থ্য ও কৃষিতে এআই ব্যবহারে গতি, কর্মসংস্থানে মানবিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ
  • মানবাধিকার ঝুঁকিতে এআই নিয়ন্ত্রণে কঠোর নীতিমালার আহ্বান

এআই যুগে বদলাতে হবে কর্মপ্রবাহ ও শাসনব্যবস্থা
১১ নভেম্বর, ২০২৬ ০১:৪৬  
১১ নভেম্বর, ২০২৬ ০২:৪৯  

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শুধু প্রযুক্তি ও অবকাঠামোয় বিনিয়োগ যথেষ্ট নয়; বরং মানুষের চিন্তাধারা, প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা এবং কর্মপ্রবাহেও মৌলিক পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য ও কৃষির মতো খাতে এআই ব্যবহারে গতি বাড়ানো, কর্মসংস্থাননির্ভর শিল্পে প্রযুক্তিকে মানুষের সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার করা এবং মানবাধিকার ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে এআইয়ের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার একটি হোটেলে গ্রামীণফোন আয়োজিত ‘ফিউচারমেকার্স’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন এবং প্রধান কৌশল ও রূপান্তর কর্মকর্তা আন্দ্রেয়াস হগবার্গ।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র তুলে ধরে বলেন, “আমাদের একটি অত্যন্ত মেধাবী ও প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম রয়েছে। তবুও ইনোভেশন ইনডেক্সে ১৩৯টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১০৫তম। এমনকি অবকাঠামোগত দিক থেকে আমরা ৮৪তম অবস্থানে থাকলেও হিউম্যান ক্যাপিটালে আমাদের অবস্থান ১২৭তম। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের উদ্ভাবনী তরুণদের মধ্যে একটি দৃশ্যমান বিচ্ছিন্নতা (ডিসকানেক্ট) তৈরি হয়ে আছে।”

টেলিযোগাযোগ ও করপোরেট খাতের মুনাফাকেন্দ্রিক মানসিকতা এবং প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতার সমালোচনা করে তিনি আরও বলেন, “বিগত তিন দশকে করপোরেটগুলো অবকাঠামো বিস্তারে বিপুল বিনিয়োগ করেছে, সারা দেশ এখন নেটওয়ার্ক কাভারেজের আওতায়। কিন্তু এই অবকাঠামোর সঠিক অপটিমাইজেশন নিশ্চিত না হয়ে শুধু ভিডিও কনজাম্পশন বাড়ানো হচ্ছে। ফলে প্রান্তিক ব্যবহারকারীর আসল প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে না। পাশাপাশি আমাদের গভর্ন্যান্স সিস্টেমও বিভিন্ন আলাদা বিভাগে (কম্পার্টমেন্টাল অ্যান্ড সাইলোস) বন্দি। এক বিভাগ রাস্তা তৈরি করলে আরেক বিভাগ কয়েক মাস পর তা কাটছে—এই সমন্বয়হীনতাই ইনোভেশনের সাথে ইনফ্রাস্ট্রাকচারের সংযোগে বড় বাধা।”

এআইয়ের প্রভাব ও কর্মসংস্থান প্রসঙ্গে মো. এমদাদ উল বারী বলেন, “এআই নিজে কিছু উদ্ভাবন করে না, ইনোভেশন মানুষই করে। এআই প্রক্রিয়াকে দ্রুত করে এবং ডেটা অ্যানালাইসিসে ইনসাইট দেয়। তবে এআই সবচেয়ে বেশি আঘাত হানছে হোয়াইট কালার বা এন্ট্রি-লেভেলের চাকরিতে—যেমন কলসেন্টার, কাস্টমার সাপোর্ট ও সফটওয়্যার সাপোর্টে। বিশ্বজুড়ে দেখা গেছে, কেবল এআই দিয়ে হিউম্যান ইমোশন মোকাবিলা করা যায় না, যার কারণে সোয়েডিশ কোম্পানি 'ক্লার্না' সম্পূর্ণ এআই নির্ভর হওয়ার পর গ্রাহক অভিযোগ বেড়ে যাওয়ায় আবারও মানব প্রতিনিধি নিয়োগ করতে বাধ্য হয়েছে।”

এআই ব্যবহারের ক্ষেত্রে তিনি তিন স্তরের একটি কাঠামো প্রস্তাব করেন—অ্যাক্সিলারেটর, ক্লাচ ও ব্রেক। এর মাধ্যমে কোন খাতে দ্রুত এআই যুক্ত করা উচিত, কোথায় কর্মীদের বাদ না দিয়ে প্রযুক্তির সহায়তা নেওয়া প্রয়োজন এবং কোন ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ জরুরি, তা নির্ধারণের পরামর্শ দেন।

এসময়  স্বাস্থ্য ও কৃষির মতো খাতে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।  তার মতে, এসব খাতে বিশেষজ্ঞ ও চিকিৎসকের ঘাটতি থাকায় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) এআই মডেলের মাধ্যমে মাত্র ৬০ সেকেন্ডে বুকের এক্স-রে প্রতিবেদন বিশ্লেষণ করা হচ্ছে।

বিটিআরসি প্রধান বলেন, তৈরি পোশাকশিল্প ও কলসেন্টারের মতো কর্মসংস্থাননির্ভর খাতে সরাসরি কর্মী ছাঁটাই না করে তাদের সক্ষমতা বাড়াতে এআই ব্যবহার করতে হবে। প্রযুক্তিকে মানুষের বিকল্প না বানিয়ে কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর সহায়ক হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি।

একইসঙ্গে মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ক্ষেত্রে এআই ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন বলে মনে করেন বিটিআরসি চেয়ারম্যান। এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের চাইল্ডকেয়ার কেলেঙ্কারির উদাহরণ তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, অ্যালগরিদমের বর্ণবাদী ও ভুল সিদ্ধান্তের কারণে দেশটির ২৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর জেরে পুরো নেদারল্যান্ডস মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়েছিল।

এসময় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে মো. এমদাদ উল বারী বলেন, “বিদ্যুৎ আসার পর শুধু স্টিম ইঞ্জিন সরিয়ে ইলেক্ট্রিক মোটর বসালেই উৎপাদন বাড়েনি, পুরো প্রোডাকশন লাইন ছোট ও নতুন করে সাজাতে হয়েছিল। এআইয়ের বেলাতেও একই কথা প্রযোজ্য। আমাদের পুরনো ওয়ার্কফ্লো আমূল বদলে ফেলতে হবে। প্রযুক্তির পেছনে অন্ধের মতো না ছুটে ভুল পথে গতি কমানো দরকার, কারণ ভুল পথে যত দ্রুত এগোবেন, সঠিক পথে ফিরতে তত বেশি সময় লাগবে।”

সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারাও দেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

//ডিবিটেক/আইএইচ/এসএমই/এফওপিটিই//