এনবিআরে স্টার্টআপ স্যান্ডবক্স নিবন্ধন বাধ্যতামূলক
স্টার্টআপ স্যান্ডবক্স নিবন্ধনে ৬০ দিনে স্বয়ংক্রিয় অনুমোদনের বিধান এনবিআরের
- স্টার্টআপ স্যান্ডবক্স সুবিধা পেতে এনবিআরে নিবন্ধন বাধ্যতামূলক
- ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত না এলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত
- ভুল তথ্য বা প্রবেশাধিকারে বাধা দিলে নিবন্ধন বাতিল করতে পারবে এনবিআর
স্টার্টআপ স্যান্ডবক্স সুবিধা নিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধনের আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে এনবিআর সিদ্ধান্ত না দিলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়েছে বলে গণ্য হবে। এ ছাড়া ভুল তথ্য দেওয়া বা ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকারে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নিবন্ধন বাতিল করতে পারবে সংস্থাটি।
২৯ অক্টোবর, ২০২৬, বৃহস্পতিবার এ তথ্য জানায় এনবিআর। এর আগে বুধবার এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবের সই করা এক নির্দেশনায় এসব বিধান স্পষ্ট করা হয়।
আয়কর আইন, ২০২৩-এর অষ্টম তফসিলের দ্বিতীয় অংশে উল্লেখিত ‘স্টার্টআপ স্যান্ডবক্স’ সংক্রান্ত বিধানের প্রয়োগ, কার্যকর বাস্তবায়ন এবং কর পরিপালন নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্যান্ডবক্স সুবিধা নিতে আগ্রহী স্টার্টআপ কোম্পানিকে নির্ধারিত আইনগত শর্ত পূরণ করে এনবিআরে নিবন্ধন নিতে হবে। এ জন্য কোম্পানিকে এনবিআরের সদস্য (কর আপিল ও অব্যাহতি) বরাবর আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) ইনকর্পোরেশন সার্টিফিকেট, সংঘস্মারক (এমওএ) এবং স্টার্টআপের কার্যক্রমের বিবরণ জমা দিতে হবে। পাশাপাশি স্টার্টআপে ব্যবহৃত ইআরপি, অ্যাকাউন্টিং সফটওয়্যার, মূল ডিজিটাল সিস্টেম অথবা হিসাবের খতিয়ানে আয়কর কর্তৃপক্ষকে শুধু তথ্য পড়ার উপযোগী (রিড-অনলি) প্রবেশাধিকার দেওয়ার সম্মতিপত্রও দিতে হবে।
এনবিআর আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে ৬০ দিনের মধ্যে ‘স্টার্টআপ স্যান্ডবক্স নিবন্ধন সনদ’ ইস্যু করবে। এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না দেওয়া হলে সংশ্লিষ্ট আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে বিবেচিত হবে।
নিবন্ধন বাতিলের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো স্টার্টআপ ভুল তথ্য দিয়েছে বা ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকারে বাধা সৃষ্টি করেছে— এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব দাখিলের জন্য ৬০ দিন সময় দিতে হবে।
এ ছাড়া নিবন্ধন বাতিলের আগে সংশ্লিষ্ট স্টার্টআপের প্রতিনিধিকে যুক্তিসংগত শুনানির সুযোগ দিতে হবে। শুনানি শেষে উপযুক্ত কারণের ভিত্তিতে লিখিত আদেশের মাধ্যমে নিবন্ধন বাতিল করতে পারবে এনবিআর।
নির্দেশনায় স্টার্টআপ স্যান্ডবক্সের নিবন্ধন, তথ্য যাচাই, ডিজিটাল হিসাবব্যবস্থায় প্রবেশাধিকার এবং নিবন্ধন বাতিলের প্রক্রিয়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্টার্টআপ স্যান্ডবক্স হলো নতুন ও উদ্ভাবনী উদ্যোগগুলোর জন্য সরকারের তৈরি একটি বিশেষ নিয়ন্ত্রক ও নীতিগত কাঠামো। এর মূল উদ্দেশ্য হলো নতুন ব্যবসাগুলোকে কঠোর কর ও আইনি জটিলতার মুখোমুখি না হয়ে প্রাথমিক পর্যায়ে সহজে বড় হতে সহায়তা করা।
//ডিবিটেক/এসসি/ডিই ওই//





