‘এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক যৌথ গবেষণায় চুক্তি সই

ডিজিটাল লেনদেনের আর্থ-সামাজিক প্রভাব গবেষণায় বিকাশ ও ইউআইইউর অংশীদারিত্ব

  • দেশে ডিজিটাল লেনদেন ব্যবহারের প্রভাব ও আর্থ-সামাজিক ফলাফল নিয়ে যৌথ গবেষণায় অংশীদারিত্ব করল বিকাশ ও ইউআইইউর আইএআর
  • জীবনযাত্রার মান, নারীর ক্ষমতায়ন, আর্থিক স্থিতিশীলতা এবং এমএফএস খাতের ভূমিকার প্রভাব মূল্যায়ন করবে এই গবেষণা
  • নীতিনির্ধারক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ফিনটেক ইকোসিস্টেমের নীতি-সুপারিশ তৈরিতে ভূমিকা রাখবে ফলাফল

ডিজিটাল লেনদেনের আর্থ-সামাজিক প্রভাব গবেষণায় বিকাশ ও ইউআইইউর অংশীদারিত্ব
৯ নভেম্বর, ২০২৬ ১১:৫০  

দেশে ডিজিটাল লেনদেনের ব্যাপক বিস্তার, মানুষের জীবনযাত্রায় এর রূপান্তর এবং সার্বিক আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়নে যৌথ গবেষণার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)। ৯ নভেম্বর, সোমবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ‘এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ড্রাইভার্স, সোশ্যাল আউটকামস, অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন’ (Exploring Digital Transaction Adaptation in Bangladesh: Drivers, Social Outcomes, and Policy Implication) শীর্ষক এই যৌথ গবেষণা পরিচালিত হবে। এর মূল উদ্দেশ্য হলো ডিজিটাল লেনদেনের প্রসার কীভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে তা অনুসন্ধান করা। পাশাপাশি দেশের এই ইতিবাচক পরিবর্তনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতের সুনির্দিষ্ট ভূমিকা নিরূপণ করা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক এমেরিটাস ও আইএআরের নির্বাহী পরিচালক ড. এম. রেজওয়ান খান, বিকাশের চিফ লিগ্যাল অফিসার এম মাজেদুল ইসলাম এবং বিকাশের ইভিপি ও নিয়োগ বিভাগের প্রধান শাহরিয়ার মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গবেষক দল জানায়, ব্যাংক ও এমএফএস খাতের ধারাবাহিক উদ্ভাবন, সাধারণ মানুষের ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, আধুনিক ফিনটেক অবকাঠামো এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সহায়তায় দেশের আর্থিক লেনদেনের ধরন দ্রুত বদলে গেছে। এই গবেষণাটি মূলত তথ্য-উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আস্থা, ব্যবহার বৃদ্ধির পেছনের মূল কারণ এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করবে।

এছাড়া ডিজিটাল লেনদেন প্রসারে আর্থিক প্রতিষ্ঠান ও সরকারের নীতিগত সহায়তার প্রভাব এবং সামাজিকভাবে মানুষের আস্থা গঠনের দিকগুলো গুরুত্ব পাবে। গবেষণার ফলাফল ভবিষ্যতে বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও টেকসই ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, গবেষক ও সরকারের নীতি-নির্ধারকদের কার্যকর দিকনির্দেশনা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

//ডিবিটেক/এসএইচপি/এসএমপি/এমভিএনও//