‘ওয়ান টিম’ হিসেবে কাজ করবে স্যামসাং ও হুন্দাই
দীর্ঘদিনের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ও দূরত্ব ঘুচিয়ে এবার পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্বে যুক্ত হলো দক্ষিণ কোরিয়ার দুই বৃহৎ শিল্পগোষ্ঠী স্যামসাং এবং হুন্দাই মোটর গ্রুপ। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিওচনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা একসঙ্গে কাজ করার কথা ঘোষণা করেন।
গাড়ি নির্মাণ এবং আধুনিক সফটওয়্যার-সেমিকন্ডাক্টরের মেলবন্ধন ঘটিয়ে প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ঐতিহাসিক মেলবন্ধন ও যৌথ উদ্যোগ
ঐতিহাসিকভাবেই এই দুই অটোমোবাইল ও প্রযুক্তি জায়ান্ট পরস্পরের সাথে সতর্ক দূরত্ব বজায় রেখে এসেছে। নব্বইয়ের দশকের শেষের দিকে স্যামসাং নিজস্ব গাড়ি নির্মাণের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল এবং পরবর্তী সময়ে হুন্দাই ব্যাটারি সরবরাহ ও অন্যান্য যন্ত্রাংশের জন্য অন্য প্রতিষ্ঠানের ওপর বেশি নির্ভরশীল ছিল।
তবে ২০২০ সালে দুই গ্রুপের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর যৌথ সহযোগিতার প্রথম বরফ গলতে শুরু করে, যা ২০২৩ সালে তাদের প্রথম ব্যাটারি সরবরাহ চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হয়।
সিওচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুন্দাইয়ের ভাইস চেয়ারম্যান জং জ্যা-হুন, গবেষণা ও উন্নয়ন প্রধান ম্যানফ্রেড হারার এবং স্যামসাং এসডিআই, স্যামসাং ডিসপ্লে ও সেমিকন্ডাক্টর ডিভিশনের শীর্ষ কর্তারা।
অনুষ্ঠানে স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের অটোমোটিভ চিপ, অটোনোমাস ড্রাইভিং হার্ডওয়্যার এবং উন্নত ব্যাটারি প্রযুক্তি হুন্দাই প্রকৌশলীদের সামনে তুলে ধরে।
হার্ডওয়্যার, সফটওয়্যার ও রোবোটিক্সের সমন্বয়
বর্তমানে বৈদ্যুতিক ও স্মার্ট যানবাহনের কার্যক্ষমতা মূলত উচ্চমানের প্রসেসর, ওএলইডি ডিসপ্লে এবং টেলিকম মডিউলের ওপর নির্ভরশীল। স্যামসাংয়ের উদ্ভাবনী সেমিকন্ডাক্টর ও সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি সমাধান ব্যবহারের মাধ্যমে হুন্দাই বিশ্বমানের সফটওয়্যার চালিত গাড়ি তৈরিতে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি অনুষ্ঠানে সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তির অগ্রগতি বিশেষ গুরুত্ব পায়। লিকুইড ইলেকট্রোলাইটের পরিবর্তে সলিড সেপারেটর ব্যবহারে ব্যাটারির ওজন অন্তত ১৫০ থেকে ২০০ কেজি পর্যন্ত কমানো সম্ভব, যা শীতকালেও দূরপাল্লার ড্রাইভিং এবং দুর্দান্ত রাইড কমফোর্ট প্রদান করবে।
এ ছাড়া হুন্দাইয়ের মালিকানাধীন রোবোটিক্স প্রতিষ্ঠান 'বোস্টন ডায়নামিক্স'-এর সাথে স্যামসাংয়ের ভিশন সেন্সর ও প্রসেসিং চিপ যুক্ত করে স্বয়ংক্রিয় কারখানায় উৎপাদনের গতি ও পর্যবেক্ষণ সক্ষমতা বাড়িয়ে নির্মাণ খরচ ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ দুই প্রযুক্তির মেলবন্ধনে গঠিত এই ‘ওয়ান টিম’ আগামী দিনে বৈশ্বিক অটোমোবাইল ও সফটওয়্যার চালিত যানবাহন বাজারে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এরিনা ইভি





