শিক্ষা ব্যয়েও শিথিলতা
চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসায় পূর্বানুমতি ছাড়া সর্বোচ্চ ৩০ হাজার ডলার নেওয়া যাবে
- বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার ব্যয় পাঠানো সহজ হলো
- দূরশিক্ষণ ও পেশাগত কোর্সেও বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল
বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করে ৩০ হাজার মার্কিন ডলার করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানো, পেশাগত ও সনদভিত্তিক কোর্স এবং দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক শিক্ষার ব্যয় পরিশোধের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্তে বিদেশগামী রোগী ও শিক্ষার্থীদের বৈদেশিক মুদ্রা সংগ্রহের প্রক্রিয়া সহজ হবে।
৯ নভেম্বর, সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। নতুন নির্দেশনায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, এখন থেকে বিদেশে চিকিৎসার জন্য একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো। আগে এ সীমা ছিল ১৫ হাজার মার্কিন ডলার। ফলে চিকিৎসার প্রয়োজনে বিদেশগামী রোগীদের বৈদেশিক মুদ্রা সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হবে।
এ ছাড়া বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। নতুন নির্দেশনায় এ শর্ত তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ ব্যাংকগুলো সরাসরি বিদেশে পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।
নতুন সার্কুলারে পেশাগত ও সনদভিত্তিক কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে কিংবা দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। এসব খাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত ফরম এফএমজেতে ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করতে পারবেন।
ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য অনুমোদিত খাতে বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//





