স্যামসাং গ্যালারি অ্যাপে যুক্ত হলো গুগল অ্যাকাউন্ট সিঙ্ক সুবিধা

স্যামসাং গ্যালারি অ্যাপে যুক্ত হলো গুগল অ্যাকাউন্ট সিঙ্ক সুবিধা
১১ নভেম্বর, ২০২৬ ২০:০৩  

স্যামসাং ব্যবহারকারীদের জন্য সুখবর। এতদিন পর্যন্ত স্যামসাং ফোনের নিজস্ব ‘গ্যালারি’ অ্যাপের ছবি ও ভিডিও মাইক্রোসফট ওয়ানড্রাইভের মাধ্যমে ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা থাকলেও গত সেপ্টেম্বর থেকে সেবাটি বন্ধ করে দিয়েছিল স্যামসাং। 

এবার সেই জায়গায় গুগল অ্যাকাউন্ট সিঙ্কের নতুন সুবিধা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি। 

এর ফলে স্যামসাং ডিভাইসের ব্যবহারকারীদের গুগলে ফাইল ব্যাকআপ করার জন্য আলাদাভাবে ‘গুগল ফটোজ’ অ্যাপে প্রবেশের প্রয়োজন হবে না। ফোনের নিজস্ব স্যামসাং গ্যালারি অ্যাপ থেকেই সরাসরি গুগলে ছবি ও ভিডিও অটো-সিঙ্ক করা যাবে। 

নতুন ফিচারটি যেভাবে কাজ করবে
•    সহজ ক্লাউড এক্সেস: গ্যালারি অ্যাপে নিজের গুগল অ্যাকাউন্ট যুক্ত করার পর ব্যাকআপ করা ছবি বা ভিডিওর প্রিভিউ থাম্বনেল দেখা যাবে। অন্যান্য গ্যালাক্সি ডিভাইসে একই অ্যাকাউন্ট লগ-ইন করা থাকলে খুব সহজেই ফাইলগুলোর ফুল ভার্সন ডাউনলোড করে ব্যবহার করা সম্ভব হবে।

•    ‘ফ্রি আপ স্পেস’ সুবিধা: ফোনের ইন্টারনাল মেমোরি খালি করার জন্য নতুন ‘Free up space’ অপশন যুক্ত করা হয়েছে। এটি চালু করলে আসল ফাইলটি ফোন থেকে মুছে গিয়ে স্টোরেজ খালি হবে, তবে গ্যালারি অ্যাপে ফাইলটির থাম্বনেল দেখতে পাবেন।

•    সীমাবদ্ধতা: গ্যালারি অ্যাপে গুগল সিঙ্ক চালু করার পর কেবল নতুন করে আপলোড করা ছবিগুলোই স্যামসাং গ্যালারিতে দেখাবে। গুগলে আগে থেকে থাকা পুরো আর্কাইভ অ্যাপটিতে নিজে থেকে চলে আসবে না।

যেসকল ডিভাইসে মিলবে সেবাটি
ফিচারটি আপাতত স্যামসাংয়ের নতুন ইন্টারফেস ‘ওয়ান ইউআই ৯’ চালিত নির্দিষ্ট কিছু গ্যালাক্সি ডিভাইসে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি অন্যান্য অ্যান্ড্রয়েড চালিত স্যামসাং স্মার্টফোন ও ট্যাবলেটে উন্মুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
স্যামসাং গ্যালারি অ্যাপের ‘সেটিংস’ থেকে খুব সহজেই ‘সিঙ্ক ফটোজ এবং ভিডিওস’ অপশনটি চালু করে ব্যবহারকারীরা সুবিধাটি উপভোগ করতে পারবেন। 

উল্লেখ্য, সিঙ্ক করা এই ফাইলগুলো গুগল অ্যাকাউন্টের ডিফল্ট ১৫ জিবি ফ্রি স্টোরেজ ব্যবহার করবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট