বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে স্মার্টফোনের মাদারবোর্ড

স্মার্ট হাই-টেকের মাদারবোর্ড তৈরির নতুন এসএমটি লাইন উদ্বোধন

  • ওয়ালটনের পর দেশে মাদারবোর্ড তৈরিতে স্মার্ট হাই-টেকের নতুন এসএমটি লাইন চালু
  • কারখানা ও স্থানীয় বাজার পরিদর্শন করেছে সিঙ্গাপুরের নানয়াং বিজনেস স্কুলের প্রতিনিধিদল
  • লক্ষ্য দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ বিশ্ববাজারে স্মার্টফোন রপ্তানি করা

স্মার্ট হাই-টেকের মাদারবোর্ড তৈরির নতুন এসএমটি লাইন উদ্বোধন
৪ নভেম্বর, ২০২৬ ১২:২৯  

ওয়ালটনের পর স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড তৈরির লক্ষ্য নিয়ে একটি নতুন সারফেস-মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন চালু করেছে বাংলাদেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্মার্ট হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এসএমটি লাইনের মাধ্যমে সুনির্দিষ্ট যন্ত্রপাতির সাহায্যে ইলেকট্রনিক উপাদান সরাসরি স্মার্টফোনের মাদারবোর্ডে সংযোজন করা হবে বলে ৪ নভেম্বর, ২০২৬, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির মিডিয়া রিলেশন ম্যানেজার বকুল রয় জানান, প্রযুক্তির ফলে স্মার্টফোন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ বাংলাদেশে স্থানান্তরিত হবে এবং আমদানি করা উপাদান ও কিটের ওপর নির্ভরতা কমবে।

ইতিমধ্যেই গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত স্মার্ট হাই-টেকের কারখানায় নতুন এই উৎপাদন লাইন, কোম্পানির সার্বিক পরিচালন কার্যক্রম এবং স্থানীয় স্মার্টফোন বাজার পর্যালোচনা করেছে সিঙ্গাপুরের নানয়াং বিজনেস স্কুলের চার সদস্যের একিকিউটিভ এমবিএ প্রতিনিধিদল। সংযোজন শিল্প থেকে পূর্ণাঙ্গ উৎপাদনে রূপান্তরের প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং স্থানীয় উৎপাদন কীভাবে বাংলাদেশের তৈরি স্মার্টফোন রপ্তানির লক্ষ্যকে ত্বরান্বিত করতে পারে, তা খতিয়ে দেখতে প্রতিনিধিদলটি এই কারখানা সফর করে।

এই সফরটি নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ‘স্প্যান ক্যাপস্টোন প্রোগ্রাম’-এর আওতাধীন ৯ মাস মেয়াদী ‘প্রজেক্ট স্মার্টঅ্যাসেন্ড’-এর অংশ, যা ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলবে। প্রকল্পটি স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদন সম্প্রসারণ এবং রপ্তানি বাজার গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কাজ করছে। সফরকালে প্রতিনিধিদলটি স্মার্ট হাই-টেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কোম্পানির বিক্রয় কেন্দ্র, খুচরা বাজার ও পার্টনার শপগুলো ঘুরে দেখেন।

স্মার্ট হাই-টেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এই সফরের মাধ্যমে প্রতিনিধিদলের সদস্যরা কোম্পানির উৎপাদন প্রক্রিয়া ও বাজার পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাবেন। তিনি জানান, এই কারখানা চালুর সময়ই বাংলাদেশে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং নতুন এসএমটি লাইন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়েছে। শুধু ফোন সংযোজন নয়, বরং দেশে পূর্ণাঙ্গ স্মার্টফোন তৈরি করা হচ্ছে এবং পরবর্তী লক্ষ্য হলো দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন রপ্তানি করা।

নানয়াং টিমের নেতৃত্ব দেওয়া গ্লেন লিম জানান, কারখানা সফর ও বাজার পর্যবেক্ষণ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই শিল্প খাতকে বুঝতে সহায়তা করবে এবং তাঁদের জন্য দ্বার উন্মুক্ত করায় তিনি স্মার্ট হাই-টেক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগে ২০২৫ সালের ডিসেম্বরে কালিয়াকৈরে এই কারখানা চালু করে স্মার্ট হাই-টেক। ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলে এই কারখানায় উৎপাদিত প্রথম অনার স্মার্টফোন ছিল ‘অনার এক্সসিক্সসি’।

//ডিবিটেক/এসসি/ডিই ওই//