এবার পার্কিং বাজারে উবার

এবার পার্কিং বাজারে উবার
১০ নভেম্বর, ২০২৬ ২০:১৫  

রাইড-শেয়ারিং ও খাদ্য সরবরাহের পর এবার পার্কিং ব্যবস্থাও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বড় উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান উবার। গত ফেব্রুয়ারিতে পার্কিং রিজার্ভেশন প্ল্যাটফর্ম 'স্পটহিরো' অধিগ্রহণের ঘোষণার পর, এবার সরাসরি নিজস্ব মূল অ্যাপেই 'উবার পার্কিং' সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেছে সংস্থাটি।   

এখন থেকে উবার অ্যাপ ব্যবহারকারীরা গন্তব্যের কাছাকাছি গ্যারেজ ও পার্কিং লট খুঁজে নিয়ে পূর্বেই পার্কিং স্পট বুক করতে পারবেন। 

উবার জানিয়েছে, অ্যাপের নতুন 'পার্কিং' আইকনে ট্যাপ করে গন্তব্যটি সার্চ করার পর ইন্টারঅ্যাকটিভ ম্যাপের মাধ্যমে উপলব্ধ পার্কিং স্পটগুলো বেছে নেওয়া যাবে। এছাড়া স্বসংক্রিয় সেলফ-পার্কিং কিংবা ভ্যালেট সার্ভিস এবং অন্যান্য সুবিধার ওপর ভিত্তি করে অপশন ফিল্টার করার সুবিধাও থাকছে।

বুকিং প্রক্রিয়া ও প্রাথমিক পরিধি
পার্কিং স্থান রিজার্ভ করতে গ্রাহককে গাড়ির মডেল ও লাইসেন্স প্লেট নম্বর প্রদান করতে হবে। স্থানভেদে পার্কিংয়ে প্রবেশের জন্য কিউআর কোড অথবা লাইসেন্স প্লেট স্ক্যানিংয়ের সুযোগ মিলবে। 

নির্ধারিত সময়ের আগে অধিকাংশ বুকিং বিনামূল্যে বাতিল করা যাবে এবং অ্যাপের মাধ্যমে পার্কিংয়ের সময় বাড়ানো যাবে। 

পাশাপাশি 'উবার ওয়ান' সাবস্ক্রাইবাররা প্রতিটি বুকিংয়ে ১০ শতাংশ উবার ক্রেডিট ফেরত পাবেন।

প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ১৫টি প্রধান শহরে এই সুবিধা চালু করা হয়েছে। শহরগুলোর মধ্যে রয়েছে শিকাগো, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সিয়াটল, বোস্টন, মায়ামি এবং ওয়াশিংটন ডিসি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ভবিষ্যতে তাদের স্বয়ংচালিত পার্টনারদের জন্য পার্কিং লটগুলোকে প্রাথমিক স্ট্যাজিং বা পার্কিং এলাকা হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র:  এনগ্যাজেট