বৈশ্বিক প্রতিযোগিতায় গবেষণায় গুরুত্বারোপ
শিক্ষায় এআই ব্যবহারের আহ্বান শিক্ষামন্ত্রীর
- আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে মানসম্মত গবেষণার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী
- শিক্ষাব্যবস্থায় এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি অপব্যবহার রোধের আহ্বান
- শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামে তথ্যপ্রযুক্তি ও এআই যুক্ত করার পরামর্শ
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাক্ষেত্রে উন্নতমানের গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব-পরবর্তী প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় এআইয়ের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে প্রযুক্তিটির অপব্যবহার রোধেও সতর্ক থাকতে হবে।
৮ নভেম্বর, রবিবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “আমরা এখন ‘গ্লোবাল ভিলেজ’-এ বসবাস করি। প্রতিনিয়ত আমাদের আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।” এ সময় শিক্ষকদের আরও উন্নতমানের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। তবে এআই যেন অপব্যবহারের মাধ্যম হয়ে না ওঠে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলাম যুগোপযোগী করতে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক এবং নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান।
//ডিবিটেক/এএইপি/এসএমই/এমএসআই//





