বিক্রি ও মুনাফায় প্রবৃদ্ধি, কমেছে নগদ প্রবাহ
ওয়ালটনের প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ১৫.৭৪ শতাংশ
- প্রথম প্রান্তিকে নিট রাজস্ব ১,৬৭৯.৪৩ কোটি টাকা
- কর-পরবর্তী মুনাফা বেড়ে ২২৪.৭৪ কোটি টাকা
- শেয়ারপ্রতি আয় বেড়ে ৬.৭৪ টাকা হয়েছে
মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্থিরতা, অর্থায়ন ব্যয় বৃদ্ধি এবং ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতার মধ্যেও বিক্রি ও মুনাফায় প্রবৃদ্ধি ধরে রেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) প্রতিষ্ঠানটির নিট রাজস্ব বেড়েছে ১৫.৭৪ শতাংশ। একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও (এনএভিপিএস) প্রবৃদ্ধি হয়েছে। তবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমেছে।
১১ নভেম্বর, বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের আর্থিক ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
রাজস্ব বেড়েছে ১৫.৭৪ শতাংশ
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের নিট রাজস্ব দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এই রাজস্ব ছিল ১ হাজার ৪৫১ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট রাজস্ব বেড়েছে ১৫.৭৪ শতাংশ।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ২২০ কোটি ৮৯ লাখ টাকা।
অর্থাৎ বিক্রির পাশাপাশি মুনাফাতেও প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
শেয়ারপ্রতি আয় ও সম্পদমূল্য বেড়েছে
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৬৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৭ টাকা ৬ পয়সা। পুনর্মূল্যায়নসহ এই মূল্য ৩৮৮ টাকা ১ পয়সা।
পরিচালন নগদ প্রবাহে চাপ
বিক্রি ও মুনাফায় প্রবৃদ্ধি হলেও আগের বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদনে অবশ্য কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে ইতিবাচক নিট নগদ প্রবাহ বজায় থাকার কথা জানানো হয়েছে।
পরিচালন ব্যয় ও সরবরাহকারীদের অর্থ পরিশোধের চাপ নগদ প্রবাহে প্রভাব ফেলেছে। সংশ্লিষ্ট আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ আগের বছরের একই সময়ের ১৩ টাকা ৪৫ পয়সা থেকে কমে ৩ টাকা ৫৩ পয়সায় দাঁড়িয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকরী মূলধনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, দেনাদারদের কাছ থেকে পাওনা দ্রুত আদায়, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়সীমা যথাযথভাবে পরিচালনা এবং সতর্ক তারল্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে কোম্পানি কর্তৃপক্ষ।
দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতায় নজর
কোম্পানির পরিচালন দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা এবং অংশীজনদের জন্য টেকসই দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির লক্ষ্যে কার্যকরী মূলধনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
ওয়ালটন ব্যবস্থাপনা মনে করছে, পাওনা আদায় ত্বরান্বিত করা, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়চক্র যথাযথভাবে পরিচালনা এবং বিচক্ষণ তারল্য ব্যবস্থাপনা ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা ও আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী করতে সহায়তা করবে।
সামগ্রিকভাবে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের ফলাফলে বিক্রি, মুনাফা ও শেয়ারপ্রতি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও পরিচালন নগদ প্রবাহের পতন কোম্পানিটির কার্যকরী মূলধন ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।
//ডিবিটেক/ডব্লিউএসসি/এমডিই/এফওই//





