নাসার অ্যাস্ট্রো ক্যাম্পে যুক্ত হলো বাংলাদেশ

নাসার স্বীকৃতি পেল স্পেস ইনোভেশন ক্যাম্প

  • নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনারের স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি
  • ২০২৭ সালের মধ্যে ৫০টি বিদ্যালয়ে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য।
  • ৫০০ কার্যক্রমে যুক্ত হয়েছে ১০ হাজারের বেশি শিক্ষার্থী।

নাসার স্বীকৃতি পেল স্পেস ইনোভেশন ক্যাম্প
১১ নভেম্বর, ২০২৬ ১৭:১৮  

মহাকাশবিজ্ঞান, রকেট প্রকৌশল, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিনির্ভর বিষয়ে বাংলাদেশের শিশু-কিশোরদের হাতে-কলমে শিক্ষার সুযোগ বাড়াতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্পেস ইনোভেশন ক্যাম্প। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) অ্যাস্ট্রো ক্যাম্প কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে দেশের অন্তত ৫০টি বিদ্যালয়ে অ্যাস্ট্রো ক্যাম্পভিত্তিক মহাকাশবিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

১১ নভেম্বর, বুধবার স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু এ তথ্য জানান। 

নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের সঙ্গে শিক্ষামূলক অংশীদারত্ব

বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশ অনুসন্ধান, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে কাজ করছে। এর অ্যাস্ট্রো ক্যাম্প একটি শিক্ষামূলক উদ্যোগ। এখানে শিশু-কিশোররা হাতে-কলমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মহাকাশবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি এবং বৈজ্ঞানিক সমস্যা সমাধানের ধারণা অর্জন করতে পারে।

এই কর্মসূচির কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়ায় স্পেস ইনোভেশন ক্যাম্প অ্যাস্ট্রো ক্যাম্পের শিক্ষামূলক কাঠামো, প্রশিক্ষণ ও প্রাসঙ্গিক শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাবে। ফলে বাংলাদেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মহাকাশবিজ্ঞান শিক্ষার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৭ সালের মধ্যে ৫০টি বিদ্যালয়ে কার্যক্রম

স্পেস ইনোভেশন ক্যাম্প ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহাকাশবিজ্ঞান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেটবিজ্ঞান ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

নতুন আন্তর্জাতিক স্বীকৃতিকে কাজে লাগিয়ে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের অন্তত ৫০টি বিদ্যালয়ে অ্যাস্ট্রো ক্যাম্পভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

এসব কার্যক্রমে শিক্ষার্থীরা সৌরজগৎ, চাঁদ ও মঙ্গল গ্রহ, রকেটের কার্যপদ্ধতি, মহাকাশযান, মঙ্গল অভিযানের পরিকল্পনা, রোভার নির্মাণ এবং মহাকাশে মানুষের বসবাসের মতো বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পাবে।

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রকল্প, দলগত কাজ, পরীক্ষা-নিরীক্ষা এবং সৃজনশীল সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরির ভিত্তি গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

শিশুদের স্বপ্ন পৌঁছাক মহাকাশের সীমানায়

স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু জানান, নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় আগ্রহী করে তুলতে কাজ করছে স্পেস ইনোভেশন ক্যাম্প। প্রতিষ্ঠানটির বিশ্বাস, সঠিক শিক্ষা, পরিবেশ ও সুযোগ পেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি শিশুও একদিন বিশ্বসেরা বিজ্ঞানী, মহাকাশ প্রকৌশলী কিংবা গবেষক হতে পারে।

আরিফুল হাসান অপু জানান, তাঁরা চান, বাংলাদেশের প্রতিটি শিশু শুধু মহাকাশ নিয়ে স্বপ্ন দেখবে না; সেই স্বপ্ন বাস্তবায়নে ছোটবেলা থেকেই বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত হবে। নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের সঙ্গে এই শিক্ষামূলক অংশীদারত্ব সেই লক্ষ্য অর্জনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের অসাধারণ সক্ষমতা রয়েছে বাংলাদেশের তরুণদের। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এর উজ্জ্বল উদাহরণ। আগামী দিনে আরও অসংখ্য বাংলাদেশি শিশু-কিশোর আন্তর্জাতিক বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে প্রত্যাশা তাঁর।

মহাকাশবিজ্ঞান শিক্ষায় সাত বছরের অভিজ্ঞতা

২০১৯ সাল থেকে বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষায় সম্পৃক্ত করতে কাজ করছে স্পেস ইনোভেশন ক্যাম্প। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০০টির বেশি শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় যুক্ত করেছে। এসব উদ্যোগে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মেন্টর এবং এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক।

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে অ্যাস্ট্রোনট ক্যাম্প, রকেট ক্যাম্প, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, কোডিং একাডেমি, মহাকাশবিজ্ঞান কর্মশালা, স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড এবং শিশুদের গবেষণাভিত্তিক বিভিন্ন প্রকল্প।

নতুন প্রজন্মের বিজ্ঞানচর্চায় নতুন সম্ভাবনা

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে এই স্বীকৃতি বাংলাদেশের বিদ্যালয়গুলোতে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রসার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিশু-কিশোরদের গবেষণামুখী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশেষ করে ছোটবেলা থেকেই আনন্দময় ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞান শেখার সুযোগ তৈরি হলে শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকশিত হবে। এর মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষক তৈরির জন্য আরও বিস্তৃত শিক্ষার পরিবেশ গড়ে উঠতে পারে।
//ডিবিটেক/এএইচও/এসডিই/এফওই//