বয়স নিয়ে নেই কোনো অস্বস্তি

গুগলে জন্মসাল ভুল, সংশোধন চান সাদিয়া

  • গুগলে নিজের প্রোফাইলে জন্মসাল ভুল থাকার দাবি অভিনেত্রীর
  • ১৭ মার্চ ২৭ বছরে পা দিয়েছেন বলে জানিয়েছেন সাদিয়া
  • বয়সকে সুন্দরভাবে ধারণ করতে ভালোবাসেন এই অভিনেত্রী

গুগলে জন্মসাল ভুল, সংশোধন চান সাদিয়া
৯ নভেম্বর, ২০২৬ ১৯:৪২  

গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে জন্মসাল ভুল উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। বয়স নিয়ে কখনোই কোনো তথ্য গোপন করেননি জানিয়ে তিনি মজার ছলে জানতে চেয়েছেন, কীভাবে অনলাইনে থাকা এই ভুল তথ্য সংশোধন করা যায়।

সোমবার (৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন সাদিয়া। তিনি লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি তৈরি করেছেন, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, নয়তো তার সঙ্গে আমার জন্মেরও ছয় বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন, তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?’

পোস্টে নিজের বয়স নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ তিনি সত্যিকার অর্থেই ২৭ বছরে পা দিয়েছেন। তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তাঁর বয়স এখন ২৬ বছর।

বয়স নিয়ে কোনো অস্বস্তি নেই জানিয়ে সাদিয়া লিখেছেন, ‘বয়স একটি সুন্দর ব্যাপার। নিজের বয়সকে সুন্দরভাবে ধারণ করতে আমি ভালোবাসি।’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া আয়মান। পরে অভিনয়ে এসে সাবলীল উপস্থিতি ও অভিনয়গুণে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি ওয়েব কনটেন্টেও কাজ করেছেন এই অভিনেত্রী। রোমান্টিক ও পারিবারিক গল্পের নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া সাদিয়া কাজ করেছেন সিনেমাতেও।

//ডিবিটেক/বিপিএনসি/এসএমই/এমআইএসটি//