তরঙ্গমূল্য কমানোর গুঞ্জন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নে মেয়াদ বাড়ল এক মাস 

  • তিন মোবাইল ফোন অপারেটরের তরঙ্গ নবায়নের মেয়াদ এক মাস বৃদ্ধি
  • ২০ বছরের নিলামে ১৩ হাজার কোটি টাকার ভিত্তিমূল্য প্রস্তাব
  • তরঙ্গমূল্য কমাতে কিস্তি সংখ্যা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ 

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নে মেয়াদ বাড়ল এক মাস 
১০ নভেম্বর, ২০২৬ ১৯:২৩  

স্পেকট্রাম নবায়নের মূল্য চূড়ান্ত না হওয়া এবং নির্ধারিত সময়ে নিলাম আয়োজন করতে না পারায় দেশের তিন বেসরকারি মোবাইল ফোন অপারেটরকে আরও এক মাস সময় দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ স্পেকট্রামের মেয়াদ তাৎক্ষণিকভাবে শেষ হওয়ার পরিবর্তে এক মাস বাড়ানো হয়েছে। নতুন মূল্য ও নবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই সময়সীমা অপারেটরগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

বুধবার (১১ নভেম্বর) মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার (১০ নভেম্বর) তিন অপারেটরকে চিঠি দিয়ে এক মাস করে সময় বাড়ানোর বিষয়টি জানায় বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, পরবর্তী সময়ে যে মূল্য নির্ধারণ করা হবে, সেই মূল্যেই বাড়তি মেয়াদের ফি পরিশোধ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে ২০ বছরের জন্য বিভিন্ন ব্যান্ডের স্পেকট্রাম নিলামের ভিত্তিমূল্য প্রস্তাব করেছে বিটিআরসি। প্রস্তাব অনুযায়ী, ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজের মূল্য ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২২৯ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই মূল্য কার্যকর হলে স্পেকট্রাম কিনতে মোবাইল অপারেটরদের সম্মিলিত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১৩ হাজার কোটি টাকা।

গত ১ নভেম্বর টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রস্তাবিত মূল্য অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে স্পেকট্রামের দাম কমানোর বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানিয়েছিলেন, ৭০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রামের চাহিদা অনেক কমে গেছে। তাঁর মতে, দাম বেশি থাকলে অপারেটররা কম স্পেকট্রাম ব্যবহার করে প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে সেবা চালিয়ে যাওয়ার পথে যেতে পারে।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, অপারেটরদের এই উদ্বেগ কমাতে স্পেকট্রামের ভিত্তিমূল্য ও কিস্তির পরিমাণ আরও কমানো এবং পরিশোধের কিস্তি সংখ্যা বাড়ানোর বিষয়ে কাজ করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

প্রায় ১৫ বছর আগে নিলামের মাধ্যমে বরাদ্দ পাওয়া স্পেকট্রামের মধ্যে গ্রামীণফোনকে ৩২ দশমিক ৪ মেগাহার্টজ, রবিকে ২৯ দশমিক ৪ মেগাহার্টজ এবং বাংলালিংককে ২১ মেগাহার্টজ নবায়ন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যতের ডেটা চাহিদা বিবেচনায় অপারেটরগুলো ১৫ বছরের মূল্যে ২০ বছরের সুবিধা অথবা তুলনামূলক কম দামে বেশি স্পেকট্রাম বরাদ্দের দাবি জানিয়েছে।

গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, প্রস্তাবিত স্পেকট্রামের মূল্য আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক বেশি। তাঁর দাবি, টেলিযোগাযোগ খাতের আয় থেকে প্রতি ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই কর হিসেবে সরকারকে দিতে হয়।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, বাংলাদেশের মোবাইল অপারেটরদের মোট রাজস্বের ৫০ শতাংশের বেশি কর হিসেবে সরকারকে দিতে হয়। এর সঙ্গে স্পেকট্রামের উচ্চমূল্য যুক্ত হলে গ্রাহকসেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে।

অন্যদিকে, বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান বলেন, ভারতে স্পেকট্রামের দাম কিছুটা বেশি হলেও সেখানকার কর ও ভ্যাট বাংলাদেশের তুলনায় অনেক কম। পাশাপাশি ভারতীয় অপারেটরদের গ্রাহকপ্রতি আয়ও বাংলাদেশের দ্বিগুণ। এ পরিস্থিতিতে শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে তিনি বাংলাদেশেও নামমাত্র মূল্যে স্পেকট্রাম বরাদ্দের মাধ্যমে কম খরচে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেওয়ার পরামর্শ দেন।

বর্তমানে দেশে গ্রামীণফোনের ১৩৭ দশমিক ৪ মেগাহার্টজ, রবির ১২৪ মেগাহার্টজ, বাংলালিংকের ৮০ মেগাহার্টজ এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের ৬৫ দশমিক ২ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমএসআই//