২০৩০ সালের মধ্যে ৩ লাখ কর্মসংস্থান ও ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য অর্জনে তিন বছরের যৌথ অংশীদারিত্ব

দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একযোগে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

  • বাংলাদেশের বিপিও, আইটিইএস ও ফ্রিল্যান্সিং খাতের সক্ষমতা বাড়াতে বাক্কো এবং ব্র্যাকের মধ্যে ৩ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
  • সমঝোতায় স্বাক্ষর করেন বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম এবং ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর
  • ২০৩০ সালের মধ্যে ৩ লাখ টেকসই কর্মসংস্থান এবং ৫ বিলিয়ন ডলার শিল্প-রাজস্ব অর্জনের লক্ষ্য অর্জনে যৌথ উদ্যোগ

দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একযোগে কাজ করবে বাক্কো ও ব্র্যাক
৯ নভেম্বর, ২০২৬ ১০:০৪  
৯ নভেম্বর, ২০২৬ ১৫:১৭  

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস (আইটিইএস) খাতের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং ফ্রিল্যান্সারদের পেশাগত সক্ষমতা বাড়াতে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

৯ নভেম্বর, সোমবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে উভয় প্রতিষ্ঠান।

এর আগে ৮ নভেম্বর, রবিবার সমঝোতা স্মারকে বাক্কোর পক্ষে সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহীম এবং ব্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাক্কোর পক্ষে আরও উপস্থিত ছিলেন পরিচালক আব্দুল কাদের, সিসিপ (SICIP)-বাক্কো প্রোগ্রামের প্রধান সমন্বয়ক লেঃ কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, পিএসসি এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক সেলিম সরকার। ব্র্যাকের পক্ষ থেকে অংশ নেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড অব প্রোগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, হেড অব অপারেশন মো. আল-ইমরান এবং অপারেশনসের প্রোগ্রাম ম্যানেজার মনছুর হাছান খন্দকার।

সম্পাদিত এই দ্বিপাক্ষিক চুক্তির মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আইটিইএস, বিপিও ও ফ্রিল্যান্সিং খাতের বাজারচাহিদা অনুযায়ী বিশেষায়িত দক্ষতা উন্নয়ন, যৌথ গবেষণা ও উন্নয়ন (R&D) এবং আধুনিক ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর প্রাতিষ্ঠানিক রূপরেখা তৈরি করা। এছাড়া শিল্প খাত ও শিক্ষাঙ্গনের (Industry-Academia) মধ্যে ফলপ্রসূ যোগসূত্র স্থাপন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের যুক্ত করে যৌথ কর্মশালা ও প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই সমঝোতা স্মারক আগামী তিন বছর, অর্থাৎ ৮ নভেম্বর ২০২৬ থেকে ৭ নভেম্বর ২০২৯ পর্যন্ত বলবৎ থাকবে।

সংশ্লিষ্টরা জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিপিও ও আউটসোর্সিং খাতে ৩ লাখ টেকসই মধ্যম আয়ের কর্মসংস্থান সৃষ্টি এবং বার্ষিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প-রাজস্ব অর্জনের যে জাতীয় রূপকল্প রয়েছে, তার সঙ্গে এই সমঝোতা সরাসরি সামঞ্জস্যপূর্ণ। দেশের তরুণ সমাজের জন্য আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক আউটসোর্সিং বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে বাক্কো ও ব্র্যাকের এই যৌথ অংশীদারিত্ব দেশের তথ্যপ্রযুক্তি খাতের টেকসই বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।

//ডিবিটেক/ কিউএমএ/এসএমই/এমভিএনও//