আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসে নানা আয়োজন

যবিপ্রবির এআইএস বিভাগের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • যবিপ্রবিতে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে
  • দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়
  • উদ্যোক্তা তৈরি ও সমাজসেবার ওপর গুরুত্ব দেন আমন্ত্রিত অতিথিরা

যবিপ্রবির এআইএস বিভাগের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৪৪  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে-২০২৬ উপলক্ষে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের উদ্যোগে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

উদ্বোধনী শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় সংবর্ধনার মূল আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বিশ্বের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় হিসাববিজ্ঞান ও এর সাথে জড়িত পেশাজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের গ্র্যাজুয়েটদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা রাখতে হবে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে যাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের পথচলা সুগম করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষার্থীদের আত্মকেন্দ্রিক না হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “পেশাগত জীবনে মানুষ যত ওপরেই যাক না কেন, পরিশেষে শূন্য হাতেই বিদায় নিতে হয়। তাই মানুষের প্রকৃত অর্জন হলো মৃত্যুর পরও ইতিবাচক কর্মের মাধ্যমে মানুষের স্মরণে বেঁচে থাকা।” একইসঙ্গে তিনি শিক্ষকদের আজীবন শিক্ষার্থীদের সফলতায় গর্ববোধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক তরুণ সেন, মো. শাহাজুল ইসলাম, প্রভাষক ফজলুর রহমানসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থী অলিফ আহমেদ ও ফয়সাল ইকবালের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজনের শেষভাগে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

//ডিবিটেক/এমএনএইচ/এসএমই/এফওইডি//