মুচলেকা নিয়ে মুক্তি

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

  • বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক করে ছাত্রদল
  • নাশকতাবিরোধী টহলের সময় সন্দেহজনক ঘোরাফেরায় এই আটক
  • সিসিটিভি ফুটেজে অপরাধ না পাওয়ায় মুচলেকায় মুক্তি

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৫৩  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাহজালাল হল শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

১০ নভেম্বর, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। গণমাধ্যমকর্মীদের জানানো হয়, আটক রিফাত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী। আটকের সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। গত দিন বাকৃবির রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকেও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকার সময় ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অধিকার আদায়ে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। তারেক রহমানের বক্তব্য অনুযায়ী তাদের অবস্থান স্পষ্ট, তারা রাজপথে আছেন এবং শিক্ষার্থীদের স্বার্থে রাজপথেই থাকবেন।

 বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা জানান, জব্বারের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে এবং পরে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, আটকের পর ওই শিক্ষার্থী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ডও না পাওয়ায় প্রক্টরের নির্দেশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।             //ডিবিটেক/বিইউএমএএইচ/এসএমই/এফওপিটিই//