এআই-নির্ভর কর্মসংস্কৃতি ও সাংগঠনিক সক্ষমতা জোরদারে তিন দশকের অভিজ্ঞতায় আস্থা

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

  • দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রথম চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে যোগ দিলেন সৈয়দ তানভির হুসাইন
  • টেলিকম, এফএমসিজি ও প্রযুক্তি খাতে দীর্ঘ তিন দশকের কাজের অভিজ্ঞতা নিয়ে ১ নভেম্বর থেকে দায়িত্ব গ্রহণ
  • ভবিষ্যৎমুখী রূপান্তরে কর্মীদের এআই দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও উৎপাদনশীলতা জোরদারে নেতৃত্ব দেবেন তিনি

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
৯ নভেম্বর, ২০২৬ ১৯:৩৯  

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের নতুন ও প্রথম চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন সৈয়দ তানভির হুসাইন। ৯ নভেম্বর, ২০২৬ সোমবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ১ নভেম্বর তিনি এই পদে যোগদান করেন। ভবিষ্যৎ-উপযোগী একটি স্মার্ট ডিজিটাল সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার কৌশলগত রূপান্তরের অংশ হিসেবে এই নিয়োগ দিল প্রতিষ্ঠানটি।

পেশাগত জীবনে দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে সৈয়দ তানভির হুসাইনের। এর মধ্যে দুই দশকেরও বেশি সময় তিনি স্থানীয় ও বহুজাতিক বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন। টেলিকমিউনিকেশন, তথ্যপ্রযুক্তি, আর্থিক সেবা এবং ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলায় তাঁর দীর্ঘ ট্র্যাক রেকর্ড রয়েছে।

বাংলালিংকে যোগ দেওয়ার আগে তিনি আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজিউমার গুডস বিভাগের ডিভিশনাল এইচআর হেড হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগে তিনি এসিআই লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজার এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তানভিরের ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল গ্রামীণফোনে, যেখানে তিনি পাঁচ বছরেরও বেশি সময় চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পরিচালনা করেন। এছাড়া তিনি এয়ারটেল বাংলাদেশের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এবং সিটি ব্যাংক এনএ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এইচআর প্রধানসহ বিভিন্ন জ্যেষ্ঠ পদে কাজ করেছেন।

বাংলালিংকে নতুন দায়িত্বে তিনি জনবল ও সাংগঠনিক কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। বিশেষ করে কর্মীদের দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক এআই-নির্ভর (AI-driven) কর্মপরিবেশ বিনির্মাণে তিনি গুরুত্ব দেবেন।

নিজের নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সৈয়দ তানভির হুসাইন বলেন, "বাংলালিংকের রূপান্তরের এমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, যেকোনো অর্থবহ রূপান্তরের শুরুটা হয় মানুষকে দিয়েই। কর্মীদের আরও দক্ষ করে তোলা, নেতৃত্বের বিকাশ এবং দৈনন্দিন কার্যক্রমে এআই প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে আমরা একটি গতিশীল ও ভবিষ্যৎ-প্রস্তুত প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব।"

//ডিবিটেক/বিআরএফপি/এসএমপি/এমভিএনও//