ফিউচারমেকার্সে তরুণদের উদ্ভাবনের আহ্বান

১২ মাসে এআই অবকাঠামো গড়বে বাংলাদেশ, চ্যাটজিপিটি তৈরির লক্ষ্য নয়

  • আগামী ১২ মাসে দেশের প্রথম এআই অবকাঠামো ও ডেটা সেন্টার তৈরির লক্ষ্য
  • ৭০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থী জমা দিয়েছেন ১১৩০টি ধারণা
  • হৃদরোগ শনাক্তকরণ, নদীভাঙন পূর্বাভাস ও বাক্‌চিকিৎসায় সেরা তিন উদ্ভাবন

১২ মাসে এআই অবকাঠামো গড়বে বাংলাদেশ, চ্যাটজিপিটি তৈরির লক্ষ্য নয়
১০ নভেম্বর, ২০২৬ ২০:৪৪  

কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে না থাকতে আগামী ১২ মাসের মধ্যে দেশের প্রথম এআই অবকাঠামো ও ডেটা সেন্টার তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার। এ উদ্যোগে জিপিইউ, উচ্চগতির মেমোরি, উন্নত এনপিইউ এবং এআই মডেল ব্যবহারের সক্ষমতা তৈরি করা হবে। তবে সরকারের লক্ষ্য চ্যাটজিপিটির মতো নিজস্ব কোনো এআই মডেল তৈরি করা নয়। বরং দেশীয় তরুণ, গবেষক, উদ্যোক্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী গণনাসক্ষমতা এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহারের সুযোগ তৈরি করা।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, নব্বইয়ের দশকের সফটওয়্যার বিপ্লব বাংলাদেশ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। কিন্তু বর্তমান বিশ্বের এআই বিপ্লব কোনোভাবেই হাতছাড়া করতে চায় না সরকার। তরুণদের শুধু এআই প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বাস্তব সমস্যার সমাধান তৈরি করতে সক্ষম উদ্ভাবক হিসেবে গড়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ।

১০ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা ‘গ্রামীণফোন ফিউচারমেকার্স ২০২৬’-এর দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় উঠে আসে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তির বিভিন্ন প্রযুক্তিনির্ভর সমাধান।

৭ হাজার শিক্ষার্থীর ১১৩০টি ধারণা

এবার দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তারা মোট ১ হাজার ১৩০টি এআইভিত্তিক ধারণা জমা দেন। ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) এবং অন্যান্য বিষয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, জেন্ডার সমতা এবং পরিবেশ সুরক্ষাসহ সাতটি নির্দিষ্ট ক্ষেত্রে তাঁরা উদ্ভাবনী ধারণা তুলে ধরেন।

হৃদরোগ শনাক্তকরণে চ্যাম্পিয়ন লুবডাব

ফিউচারমেকার্স ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে টিম লুবডাব। তাদের উদ্ভাবন ‘ইকোক্লিপ’ (EchoClip) একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ক্লিপ-অন যন্ত্র। এটি প্রচলিত স্টেথোস্কোপের সঙ্গে যুক্ত করে সম্ভাব্য হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্তে সহায়তা করতে পারে।

প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে টিম রিভার সেন্টিনেল। তাদের উদ্ভাবিত এআইভিত্তিক নদীভাঙন পূর্বাভাস ব্যবস্থা ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করতে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা জনগোষ্ঠীকে আগাম সতর্কবার্তা দিতে তৈরি করা হয়েছে।

দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম জিনক্সড। তাদের প্রকল্প ‘স্পাস্টো এআই’ (Spasto AI) একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসহায়ক বাক্‌চিকিৎসা অ্যাপ্লিকেশন। এতে ব্যক্তিভিত্তিক চিকিৎসা পরিকল্পনা, নির্দেশিত ঘরোয়া অনুশীলন এবং অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধা যুক্ত রয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলো বিচারক প্যানেলের সামনে নিজেদের উদ্ভাবন উপস্থাপন করে। প্যানেলে ছিলেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.); গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান; প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন; প্রধান কৌশল ও রূপান্তর কর্মকর্তা আন্দ্রেয়াস হগবার্গ; প্রধান পণ্য কর্মকর্তা সোলায়মান আলম; প্রধান ব্যবসা কর্মকর্তা ড. আসিফ নাইমুর রশীদ এবং প্রধান তথ্য কর্মকর্তা ড. নিরঞ্জন শ্রীনিবাসন।

উদ্ভাবনের নতুনত্ব, বাস্তবায়নযোগ্যতা, সামাজিক প্রভাব তৈরির সম্ভাবনা এবং এআইয়ের কার্যকর প্রয়োগের ভিত্তিতে ধারণাগুলো মূল্যায়ন করেন বিচারকেরা।

চ্যাম্পিয়ন দল পেয়েছে ৩ লাখ টাকা, প্রথম রানার্সআপ ২ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ১ লাখ টাকা। পাশাপাশি বিজয়ী দলের সদস্যরা গ্রামীণফোনের প্রতিভা বিকাশ কর্মসূচি ‘নেক্সট বিজনেস লিডার’ (এনবিএল) এবং ‘নেক্সটার্ন’ ইন্টার্নশিপ কর্মসূচিতে সরাসরি যুক্ত হওয়ার বিশেষ সুযোগ পাবেন।

এআইয়ের তিন স্তর: জিপিইউ, মেমোরি ও ভাষা মডেল

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ এআই প্রযুক্তির মৌলিক কাঠামো ব্যাখ্যা করেন। তিনি বলেন, এআই ব্যবস্থাকে প্রধানত তিনটি স্তরে দেখা যায়। প্রথমটি গণনাপ্রক্রিয়ার স্তর, যেখানে জিপিইউ এবং এর পরবর্তী প্রজন্মের এনপিইউ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টি উচ্চ ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম)। তৃতীয়টি ভাষা মডেল।

উচ্চগতির মেমোরির বৈশ্বিক বাজারে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের বড় অংশীদারত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে ভাষা মডেলের ক্ষেত্রে ওপেনএআই, চ্যাটজিপিটি, অ্যানথ্রপিক ও গ্রোকের মতো প্রতিষ্ঠানের কথা তুলে ধরেন।

রেহান আসাদ জানান, দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে সেমিকন্ডাক্টর এবং এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রায় ৮০ শতাংশ দুটি কোম্পানির অবদানের সঙ্গে যুক্ত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, একটি চিপের দাম প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত হতে পারে। অর্থ থাকলেও বৈশ্বিক চাহিদার কারণে এসব চিপের সরবরাহ পেতে ২০৩১ বা ২০৩২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

নিজের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা বলেন, ১৯৯৪ সালে তাঁর বাবা তাঁকে একটি কমপ্যাক প্রেসারিও ৮২১০ কম্পিউটার কিনে দিয়েছিলেন। সেটিতে ইন্টেল চিপ ব্যবহার করা হয়েছিল। প্রথম ব্যক্তিগত কম্পিউটার পাওয়ার সেই স্মৃতি তাঁর কাছে বিশেষ গর্বের।

তাঁর ভাষায়, গত ৩০ বছর বিশ্ব প্রযুক্তি মূলত সিপিইউনির্ভর ছিল। পরবর্তী ৩০ বছর পরিচালিত হবে জিপিইউ ও টিপিইউনির্ভর প্রযুক্তির মাধ্যমে।

পাঁচ স্তরে প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনা

বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির জন্য সরকার পাঁচটি স্তরে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান রেহান আসিফ আসাদ। এগুলো হলো—

  • আইন, নীতিমালা ও নির্দেশিকা: প্রযুক্তি খাতের বিকাশে প্রয়োজনীয় আইন, নিয়ন্ত্রক কাঠামো ও নীতিমালা তৈরি। এ ক্ষেত্রে বিটিআরসি চেয়ারম্যান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
  • নিরাপদ ও শক্তিশালী সংযোগ: ভবিষ্যৎ প্রযুক্তি ও উদ্ভাবনের ভিত্তি হিসেবে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা। এ ক্ষেত্রে গ্রামীণফোনের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। গ্রামীণফোনের নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য শক্তিশালী ও নিরাপদ সংযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।
  • ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার: ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ ধারণায় একটি সমন্বিত ডিজিটাল সরকারি সেবা কাঠামো তৈরি। উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে এখনো শক্তিশালী ই-গভর্ন্যান্স ব্যবস্থা ও পূর্ণাঙ্গ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নেই।

এ লক্ষ্যে এস্তোনিয়ার একদল বিশেষজ্ঞ বাংলাদেশের সরকারকে সহায়তা করছেন। তাদের সঙ্গে এদিন সকালে বৈঠকও হয়েছে বলে জানান তিনি। এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স ও ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে ব্যবহৃত ‘এক্স-রোড’ (X-Road) নামের উন্মুক্ত সফটওয়্যারভিত্তিক মডেলটি এস্তোনিয়া ও এমআইটির উন্নয়ন করা বলে উল্লেখ করেন তিনি।

এই ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের একটি ভৌত পরিচয়পত্র ও ডিজিটাল পরিচয় থাকবে। জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ, বিবাহের সনদ, জনসংখ্যা-সংক্রান্ত তথ্যসহ নাগরিকের গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল পরিচয়ের সঙ্গে যুক্ত হবে। একই সঙ্গে ব্যাংক হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড কিংবা ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। নাগরিকের অবস্থান বা পরিচয় নির্বিশেষে সবার জন্য এই সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পরে সব মন্ত্রণালয়কে একই ই-গভর্ন্যান্স ব্যবস্থার আওতায় পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে।

চতুর্থ পরিকল্পনার মধ্যে রয়েছে এআই ও সাইবার নিরাপত্তা: এআইয়ের উদ্ভাবনী সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি তথ্য ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়ে উপদেষ্টা বলেন, এআই যেমন নতুন সেবা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করবে, তেমনি অপরাধীরাও সাইবার আক্রমণ আরও জটিল করতে এ প্রযুক্তি ব্যবহার করতে পারে। তাই শক্তিশালী ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলা জরুরি।

সবশেষ পরিকল্পনা বিষয়ে উপদেষ্টা জানান, ভোক্তা ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও যন্ত্র উৎপাদন: দেশে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন বাড়ানো সরকারের আরেকটি অগ্রাধিকার। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অর্থমন্ত্রীর সহযোগিতার কথাও উল্লেখ করেন উপদেষ্টা। তাঁর বিশ্বাস, তৈরি পোশাক খাতে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে, আগামী পাঁচ বছরে ইলেকট্রনিকস উৎপাদনেও তেমন উচ্চতায় পৌঁছানো সম্ভব।

তিনি জানান, সর্বশেষ বাজেটের পর ইলেকট্রনিকস উৎপাদন খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। অ্যাপল ছাড়া প্রায় সব উচ্চপ্রযুক্তির অ্যান্ড্রয়েড ফোন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে স্যামসাং এস২৬, ভিভো ও অনারের নাম উল্লেখ করেন।

চ্যাটজিপিটি নয়, উদ্ভাবকদের জন্য এআই সক্ষমতা

এআই অবকাঠামো এবং এআই মডেলকে এক করে না দেখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রেহান আসিফ আসাদ। তিনি বলেন, বড় চারটি এআই কোম্পানি এআই মডেল তৈরিতে প্রায় ৭৫০ থেকে ৮০০ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় এক ট্রিলিয়ন ডলার ব্যয় করছে। বাংলাদেশের সরকারের উদ্দেশ্য এ ধরনের ব্যয়বহুল ভাষা মডেল তৈরি করা নয়।

সরকারের পরিকল্পনা হলো জিপিইউ সক্ষমতা, মেমোরি, উচ্চক্ষমতার এনপিইউ এবং ইনফারেন্স বা এআইয়ের মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও ফল তৈরির সক্ষমতা গড়ে তোলা। এসব অবকাঠামো শিক্ষার্থী, গবেষক, বেসরকারি খাত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে।

এতে নতুন উদ্ভাবকদের জিপিইউ ব্যবহারের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হবে না। তাঁরা জনসংখ্যা-সংক্রান্ত তথ্য, সরকারি তথ্য, আবহাওয়া ও কৃষি উপাত্ত ব্যবহার করে নতুন সেবা ও অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তবে এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপব্যবহার ঠেকানোর দায়িত্বও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, এআই অবকাঠামো সরকার তৈরি করে দেবে। এরপর ফিউচারমেকার্স ও তরুণ উদ্ভাবকদের কাজ হবে এর ওপর ভিত্তি করে নতুন প্রযুক্তি, সেবা ও ব্যবসায়িক সমাধান তৈরি করা। এআই ব্যবহারে প্রত্যেকের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বরং ভাষা মডেল ব্যবহার করে কীভাবে কাজ আরও ভালো, দ্রুত, কম খরচে ও দক্ষতার সঙ্গে করা যায়, তা শেখা জরুরি।

সফটওয়্যার বিপ্লবের ভুল এআই যুগে নয়

রেহান আসিফ আসাদ বলেন, নব্বইয়ের দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুর দিকে বিশ্ব যখন সফটওয়্যার বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন যেসব দেশ ও বিশ্ববিদ্যালয় দ্রুত এ পরিবর্তন গ্রহণ করেছিল, তারাই আজ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে।

বাংলাদেশেরও বিভিন্ন খাতে দক্ষ জনবল ও উল্লেখযোগ্য অর্জন রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে দেশ সফটওয়্যার বিপ্লবের সুযোগ যথাসময়ে কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, এআই বিপ্লব বাংলাদেশের সামনে জীবনে একবার আসা সুযোগ। নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুর দিকে যে সুযোগ হাতছাড়া হয়েছে, ২০২০-এর দশকের মাঝামাঝি সময়ে এসে তা আর হারানো যাবে না।

সরকারের নির্বাচনী ইশতেহারেও প্রযুক্তি ও এআই অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে আগামী ১২ মাসের মধ্যে দেশের প্রথম এআই অবকাঠামো ও ডেটা সেন্টার চালুর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সংগ্রহের কাজও এগিয়েছে। শিগগিরই এ প্রকল্পের বাস্তবায়ন পদ্ধতি ও অংশীদারদের বিষয়ে ঘোষণা আসবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)। তিনি তরুণদের ডিজিটাল ও দায়িত্বশীল উদ্ভাবনের প্রশংসা করেন। অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্টসেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/করেসপন্ডেন্ট/আইএইচ/এসএমপি/এমআইএসটি//