বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ সাত পদ চূড়ান্ত; পাঁচ পরিচালক পদের লড়াইয়ে ছয় প্রার্থী

বাক্কো নির্বাচনে ভোট দিলেন ৯৬ জন; সাধারণ পরিচালক পদের ফল ঘোষণা শিগগিরই

  • হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুশৃঙ্খল ভোটগ্রহণ সম্পন্ন
  • কোনো ভোট বাতিল হয়নি; ১৯২ জন বৈধ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করলেন ৯৬ জন
  • সভাপতি ফয়সল আলিম ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেনসহ সাত কর্মকর্তা আগেই নির্বাচিত

বাক্কো নির্বাচনে ভোট দিলেন ৯৬ জন; সাধারণ পরিচালক পদের ফল ঘোষণা শিগগিরই
৩১ অক্টোবর, ২০২৬ ১৬:২৯  

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং’ (বাক্কো)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সাধারণ পরিচালক পদের নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ১৯২ জন ভোটারের মধ্যে নির্ধারিত সময়ে ভোট দিয়েছেন ৯৬ জন ভোটার।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে স্থাপিত একটি বুথে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল এবং পরবর্তীতে পদবণ্টনসহ চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন বোর্ড।

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। বোর্ডের অপর দুই সদস্য হলেন নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক (অপারেশনস) হাবিবুল হক এবং টেক পয়েন্ট বিপিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল ইসলাম।

একটি স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত সাধারণ পরিচালক পদের পাঁচটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তাঁরা হলেন—ভাইজার এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামাল ইউসুফ, ফ্রাইডেসফট লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল সালাম, টিকন সিস্টেম লিমিটেডের পরিচালক এস এম মসিউর রহমান, ইনভিক্টা সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ইগনাইট টেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান এবং সার্ভিফাই টেক সলিউশনস বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সৈকত। ভোট গণনা শেষে এই ছয়জনের মধ্য থেকে একজন বাদ পড়বেন এবং বিজয়ী পাঁচজন ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে যুক্ত হবেন।

এর আগে শীর্ষ সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সভাপতি পদে উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম এবং সাধারণ সম্পাদক পদে ব্রোটেকস টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাহিদ হোসেন।

কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য শীর্ষ কর্মকর্তারা হলেন—সিনিয়র সহসভাপতি পদে এডিএন ডিজিনেটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সোহায়েল রেজা, সহসভাপতি পদে উইজডম ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এএসকে টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত, অর্থ সম্পাদক পদে রিকম কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিকুর রহমান এবং অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে পরিচালক পদে আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হায়দার।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক জানান, অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনায় কোনো ব্যালট বাতিল হয়নি। দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/আ্ইএইচ/এসএমই/এমআইএসটি//