প্রযুক্তিতে বাড়াতে মেয়েদের অংশগ্রহণ

বিডিজিপিসি’২৬-এর জাতীয় পর্ব কাল

  • শুক্রবার ইউএপিতে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব
  • বিডিওএসএন ও বিএফএফের যৌথ উদ্যোগে আয়োজন
  • ২০০ বিজয়ী প্রতিযোগী অংশ নেবে এবার

বিডিজিপিসি’২৬-এর জাতীয় পর্ব কাল
১২ নভেম্বর, ২০২৬ ০০:৫৭  

দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেয়েদের প্রোগ্রামিং দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তি খাতে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি’২৬)-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। ১৩ নভেম্বর, শুক্রবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ২০০ জন প্রতিযোগী।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর যৌথ উদ্যোগে এবং বিডিওএসএনের দীর্ঘদিনের মিসিং ডটার কার্যক্রমের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজনের মূল লক্ষ্য মেয়েদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তি উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইনে ৩০টিরও বেশি অ্যাক্টিভেশন কার্যক্রম, হাতে-কলমে প্রোগ্রামিং ক্যাম্প ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ৫০০-এর বেশি মেয়েকে সম্পৃক্ত করা হয়েছে। অনলাইন প্রাথমিক পর্বের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা এবার জাতীয় পর্বে নিজেদের প্রোগ্রামিং দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরবে।

জাতীয় পর্বের পাশাপাশি বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে ‘ক্যারিয়ার ইন এআই এরা: অপচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক একটি উন্মুক্ত প্যানেল আলোচনা। এতে প্রযুক্তি খাতের অভিজ্ঞ নারী পেশাজীবী ও শিক্ষাবিদেরা অংশ নেবেন।

প্যানেল আলোচনায় অংশ নেবেন মার্কোপোলো ডট এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা তাসফিয়া তাসবিন, ব্রেইন স্টেশন ২৩-এর স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট প্রধান (টেলিকম ও পিএইচপি-নোড-ক্লাউড) তাহমিনা খাতুন, ডেল্টাচিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা কামরুন আহমেদ, এবং গ্রামীণফোন লিমিটেডের হেড অব এসএলএ গভর্ন্যান্স আইটি সোয়াইবা সারওয়াত সিনথিয়া। আলোচনা সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের শিক্ষক ড. লাফিফা জামাল।

আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে প্রযুক্তি খাতের পরিবর্তন, মেয়েদের জন্য তৈরি হওয়া কর্মসংস্থানের সুযোগ, ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং প্রযুক্তি পেশায় নারীদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মুক্ত আলোচনা হবে। বিশেষ করে প্রযুক্তিতে আগ্রহী শিক্ষার্থীরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে পারে, সে বিষয়েও প্যানেলিস্টরা তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরবেন।

বিকেল ৩টা ৫০ মিনিট থেকে শুরু হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আবুল লাইস এম এস হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. নোভা আহমেদ।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের মধ্যে প্রোগ্রামিং ও প্রযুক্তি নিয়ে আগ্রহ তৈরি এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মেয়েরা নিজেদের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি একটি বৃহত্তর প্রোগ্রামিং কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।

বিডিওএসএনের মিসিং ডটার উদ্যোগের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। প্রযুক্তি ও কম্পিউটিংয়ে মেয়েদের অংশগ্রহণের ঘাটতি দূর করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। বিডিজিপিসি’২৬ সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ আয়োজন, যার মাধ্যমে দেশের মেয়েদের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে অংশগ্রহণ এবং প্রযুক্তি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন আয়োজকেরা।

//ডিবিটেক/এসএসসি/এমডিই/এফওই//