ফরেনসিক পরীক্ষায় পাঠানো হলো সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন

পুলিশের গোপন তথ্য ফাঁসের অভিযোগ, এসপির ফোন জব্দ

  • পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য আওয়ামী লীগের কাছে ফাঁসের অভিযোগ উঠেছে এসপি মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে
  • চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের উপ-অধিনায়কের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে
  • ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে; তদন্ত করছে রেঞ্জ পুলিশ

পুলিশের গোপন তথ্য ফাঁসের অভিযোগ, এসপির ফোন জব্দ
১২ নভেম্বর, ২০২৬ ০১:২০  

পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য আওয়ামী লীগের কাছে ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পাঠানো হয়েছে।

১১ নভেম্বর, বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।

রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের দাবি, গত মঙ্গলবার ডিআইজি জাহাঙ্গীর আলমকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পর তার ব্যবহৃত ফোন দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য জব্দ করা হয়।

অভিযোগের তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবেন।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর ভাষ্য, ‘প্রশাসনিক কিছু বিষয়ে তাকে (জাহাঙ্গীর আলম) ডাকা হয়েছিল। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে বিস্তারিত বলা সমীচীন হবে না।’

অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, মোবাইল ফোন দুটি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।

রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ফোন দুটি জব্দ থাকায় তার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।

//ডিবিটেক/জেএনওসি/ এসএমই/এমএসআই//