অস্ত্র দেখিয়ে হুমকি
ভাইরাল ‘বুলেট’ গ্রেফতার
- নোয়াখালীর কবিরহাট থেকে কিশোর গ্যাং নেতা শাওনকে গ্রেফতার করেছে ডিবি
- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে সারিবদ্ধ আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে
- অস্ত্রের উৎস, সহযোগী ও চাঁদাবাজির অভিযোগ তদন্ত করছে পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সারিবদ্ধভাবে রাখা দেশি-বিদেশি একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অন্য ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. হৃদয় আহম্মেদ শাওন, যিনি ‘বুলেট’ নামে পরিচিত।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাওন চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে সারিবদ্ধভাবে রাখা একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অন্য একজনকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়।
ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রগুলোর উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা শাখা। তদন্তের একপর্যায়ে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছে, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভান্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে শাওন আরও জানিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করত সে। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিওতে রেকর্ড করত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে জানা গেছে, এসব ছবি, ভিডিও ও অডিও দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত শাওন।
রাউজান থানায় শাওনের বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ত্রের উৎস, চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগী এবং অন্যান্য অপরাধের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
//ডিবিটেক/সিজেএনআর//এসএমই/এফওপিটিই//





