‘নগদ’ কীভাবে চলবে সিদ্ধান্ত নেবে সরকার: ব্যারিস্টার আরমান

‘নগদ’ কীভাবে চলবে সিদ্ধান্ত নেবে সরকার: ব্যারিস্টার আরমান
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩৪  

সংসদ নির্বাচনের তিন দিন আগে আর্থিক অনিয়ম ও মালিকানা বিতর্কে থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি নগদে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির ফরেনসিক অডিট প্রতিবেদন সরবরাহে গভর্নরকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান । সংসদ নির্বাচিত হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি  দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আরমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা চলছিল। সে ধারাবাহিকতায় গভর্নরের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নিজের ভূমিকা সম্পর্কে আরমান জানান, তিনি সংসদ সদস্য হিসেবে নয়, একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, আমি একজন পেশাদার আইনজীবী। এর আগে ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এখন সম্ভাব্য বিনিয়োগকারীদের পক্ষে আইনি সহায়তা দিচ্ছি।

সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী বলেও জানান আরমান। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তারা বিনিয়োগের ক্ষেত্র খুঁজছিলেন। সরকারের সঙ্গে আলোচনায় আমরা তাদের আগ্রহের বিষয়টি জানিয়েছি।

নগদে বিনিয়োগ লাভজনক হবে কি না, তা যাচাই করতে অডিট করার আগ্রহের কথাও গভর্নরকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 ‘নগদ’-কে বেসরকারি খাতে ছাড়ার বিষয়ে  কী কথা হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, গভর্নর জানিয়েছেন- নতুন সরকার আসার পর ‌‘নগদ’ নিয়ে তাদের চূড়ান্ত নীতি এখনো নির্ধারিত হয়নি। যদি সরকার অন্তর্বর্তী সরকারের মতো এটি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী বিনিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

সংসদ সদস্য হওয়ার পর এমন প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করা স্বার্থের সংঘাত কি না- এমন প্রশ্নের জবাবে আরমান বলেন, সংসদ সদস্য হিসেবে এই দায়িত্ব পালন কোনো স্বার্থের সংঘাত তৈরি করবে না। রাজনীতি করছি জনগণের সেবার জন্য, এখানে কোনো আয় নেই। পরিবার চালানোর জন্য পেশা হিসেবে আইন চর্চা করি। এতে কোনো দ্বন্দ্ব নেই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আন্তরিক।

এর আগে গত বছরের ২৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের সময় গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, নগদকে ডাক অধিদপ্তরের হাত থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তখন তিনি বলেছিলেন, তিন থেকে চার মাসের মধ্যে নতুন বিনিয়োগকারীর কাছে মালিকানা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে, কারণ পোস্ট অফিসের পক্ষে নগদ পরিচালনা করা সম্ভব নয়।

ডিবিটেক/এসএমইএইচ/এমইউএম