শীর্ষ ৭ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, বিকেলে ফল ঘোষণার অপেক্ষা

বাক্কো নির্বাচনে নিরুত্তাপ ভোট, ৫ পদের লড়াইয়ে ৬ প্রার্থী

  • বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে।
  • সাধারণ পরিচালক পদে পাঁচটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী; ভোটার ১৯২ জন।
  • সভাপতি ফয়সল আলিম ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেনসহ শীর্ষ সাত পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন

বাক্কো নির্বাচনে নিরুত্তাপ ভোট, ৫ পদের লড়াইয়ে ৬ প্রার্থী
৩১ অক্টোবর, ২০২৬ ১০:২৩  
৩১ অক্টোবর, ২০২৬ ১২:৩৩  

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। 

৩১ অক্টোবর, শনিবার সকাল ১০টায় রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে একটি বুথে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে। ভোট গণনা শেষে প্রাথমিক ফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।

ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে তিন সদস্যের নির্বাচন বোর্ড। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। বোর্ডের অন্য দুই সদস্য হলেন নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক (অপারেশনস) হাবিবুল হক এবং টেক পয়েন্ট বিপিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল ইসলাম।

১২ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ সাত পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সীমিত রয়েছে সাধারণ পরিচালক পদের পাঁচটি আসনে। এসব পদের জন্য লড়ছেন ছয় উদ্যোক্তা। সংগঠনটির ১৯২ জন ভোটারের ভোটে তাঁদের মধ্য থেকে পাঁচজন নির্বাচিত হবেন।

সাধারণ পরিচালক পদে ছয় প্রার্থী

সাধারণ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন—ভাইজার এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামাল ইউসুফ, ফ্রাইডেসফট লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল সালাম, টিকন সিস্টেম লিমিটেডের পরিচালক এস এম মসিউর রহমান, ইনভিক্টা সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ইগনাইট টেক সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান এবং সার্ভিফাই টেক সলিউশনস বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সৈকত।

ব্যালটে প্রথম থেকে ষষ্ঠ ক্রমিকে থাকা এই প্রার্থীদের মধ্য থেকে ভোটাররা যেকোনো পাঁচজনকে বেছে নিচ্ছেন। ফলে ছয় প্রার্থীর মধ্যে একজন কার্যনির্বাহী পরিষদে স্থান পাবেন না।

নির্বাচনসংক্রান্ত আইনি ও আপিলের বিষয় পর্যালোচনায় দায়িত্ব পালন করছে তিন সদস্যের আপিল বোর্ড। এর চেয়ারম্যান ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন এমরাজিনা টেকনোলজিসের স্বত্বাধিকারী এমরাজিনা ইসলাম এবং মেসার্স ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার ফয়সাল আহমেদ।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। পর্যবেক্ষক হিসেবে রয়েছেন বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম।

শীর্ষ নেতৃত্ব আগেই চূড়ান্ত

সভাপতি পদে উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম এবং সাধারণ সম্পাদক পদে ব্রোটেকস টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাহিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে এডিএন ডিজিনেটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সোহায়েল রেজা, সহসভাপতি পদে উইজডম ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এএসকে টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত, অর্থ সম্পাদক পদে রিকম কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিকুর রহমান এবং অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে পরিচালক পদে আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হায়দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক জানান, ভোটাররা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে এবং দ্রুততম সময়ে প্রাথমিক ফল ঘোষণা করা হবে।

//ডিবিটেক/ আইএইচ/এসএমপি/এমআইটি//