প্রযুক্তি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমে মেগা বিনিয়োগ
২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে রোবটিক্স ও এআই অন্তর্ভুক্ত
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে শিক্ষামন্ত্রী জানান, নতুন এই পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো যুগোপযোগী বিষয় যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় সংসদে প্রদত্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি ও রোবটিক্সের মৌলিক বিষয়; সপ্তম শ্রেণিতে ইন্টারনেট অব থিংস ও এআই-সক্ষম সার্চ টুলস; অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, নতুন কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিং; নবম-দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ব্যবহার, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও ন্যানোটেকনোলজি এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে এআইয়ের দৈনন্দিন ও শিক্ষাক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ অন্তর্ভুক্ত করা হবে।
সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি জোর দেন যে, শিক্ষার্থীদের কেবল এআই ব্যবহার নয়, বরং তথ্য যাচাই ও ডিপফেক শনাক্তকরণ শেখানো জরুরি।
প্রসঙ্গত, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ এআইয়ের অপব্যবহার রোধ নিয়ে আলোচনা হয়। এছাড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার প্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব এবং ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৫০টি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। অতীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রথম পর্যায়ে ৩৯৭ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছিল এবং সরকার আইসিটি খাতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।
//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//





