উচ্চশিক্ষা শুধু সনদের মধ্যে নয়

এআই যুগে দক্ষতা অর্জনের আহ্বান

  • এআই ও ডেটা সায়েন্সে দক্ষতা অর্জনের তাগিদ
  • ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য
  • শিক্ষকদের পিএইচডির সুযোগ বাড়াবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

এআই যুগে দক্ষতা অর্জনের আহ্বান
১১ নভেম্বর, ২০২৬ ২১:২৩  

শুধু বিশ্ববিদ্যালয়ের সনদ অর্জনই উচ্চশিক্ষার লক্ষ্য হতে পারে না; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্সসহ নতুন নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।

ঢাকার পূর্বাচলসংলগ্ন কাঞ্চনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাসে  ১১ নভেম্বর, বুধবার আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। 

অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, নতুন প্রযুক্তির যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা, যোগাযোগ দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জানান, জীবনে সফল হতে মেধার পাশাপাশি পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কিংবা বেসরকারি, বড় কিংবা ছোট, পুরোনো কিংবা নতুন—কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়েছে, সেটি সফলতার প্রধান নির্ধারক নয়। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারলে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই সফল হওয়া সম্ভব।

দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। আগামী পাঁচ বছরে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব কর্মসংস্থানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য তাদের মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার কথা জানানো হয়।

শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের সহশিক্ষা ও পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে। শ্রেণিকক্ষের বাইরের এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের মতো বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করে।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির পরিকল্পনা তুলে ধরে জানানো হয়, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কমিশন কাজ করছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন বাস্তব জীবন এবং কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য করা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আগামী পাঁচ বছরে ইউজিসির সহযোগিতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই হাজার শিক্ষককে দেশে-বিদেশে পিএইচডি করার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার সুযোগ সম্প্রসারণেও কমিশন কাজ করছে।

গবেষণায় অর্থায়নের বিষয়ে অধ্যাপক মামুন আহমেদ জানান, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে প্রকল্পের গুণগত মান, দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সম্ভাব্য অবদান এবং বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। মানসম্মত ও সম্ভাবনাময় গবেষণা প্রকল্প থাকলে বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মো. হাসান কাউসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ড. এ এম শামীম ও ভাইস প্রেসিডেন্ট ড. মো. মাহবুবুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের অ্যাডজাঙ্কট প্রফেসর ড. আসিফ নজরুল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এস সারোয়ার উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের চেয়ারম্যান ও অ্যাডভাইজার, শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

//ডিবিটেক/এইচএসসি/আরডিই/এফওইআর//