আরডিএতে অংশ নিচ্ছেন ৬০ শিক্ষক

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ শুরু

  • ইউজিসির হিট প্রকল্পে দশ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে বগুড়ায়
  • প্রথম দুই ব্যাচে অংশ নিচ্ছেন ৬০ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক
  • প্রশিক্ষণের লক্ষ্য যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ শুরু
১০ নভেম্বর, ২০২৬ ২২:৪৪  

উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতার পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য দশ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশ নিচ্ছেন।

১১ নভেম্বর, মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে পেশাগত যোগাযোগ তৈরি হবে, তা যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে প্রয়োগের পাশাপাশি নবীন সহকর্মীদের পেশাগত উন্নয়নেও ভূমিকা রাখার জন্য তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রাকিবুল হক দিনটিকে বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হিট প্রকল্পের আওতায় ইউজিসি প্রথমবারের মতো জ্যেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ ধরনের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ চালু করেছে। এর ফলে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সহযোগিতা বাড়বে এবং এক প্রতিষ্ঠানের কার্যকর ও অনুসরণযোগ্য চর্চা অন্য প্রতিষ্ঠানে প্রয়োগের সুযোগ তৈরি হবে।

রোবোটিকস, চারুকলা ও ব্যবসায় শিক্ষার গবেষকদের যৌথ কাজের উদাহরণ তুলে ধরে প্রকল্প পরিচালক বলেন, কোনো প্রযুক্তি বাজারজাত করতে শুধু উদ্ভাবনই যথেষ্ট নয়; পণ্যের নকশা ও বিপণনেও দক্ষতা প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা পেশাগত যোগাযোগ ভবিষ্যতে এ ধরনের আন্তবিষয়ক গবেষণা ও উদ্ভাবনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের প্রস্তুতি হিসেবে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে ছয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক প্রশিক্ষকদের সহায়তায় ১৫ জন মাস্টার ট্রেইনার এবং ২১ জন ন্যাশনাল ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্যেষ্ঠ শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল আরও উন্নত করতে অংশগ্রহণকারীদের সুনির্দিষ্ট মতামত গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি প্রশিক্ষণার্থীদের গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরডিএর পরিচালক ও প্রশিক্ষণের কোর্স পরিচালক ড. মো. আবিদ হোসেন মৃধা এবং আরডিএর পরিচালক মো. দেলোয়ার হোসাইন। এ সময় হিট প্রকল্প ও আরডিএর কর্মকর্তা, পরামর্শক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/আইএইচইউজি/এসএমপি/এমআইএস//