চাকরি হারাচ্ছে বোয়িংয়ের পাঁচ শতাংশ কর্মী
বিমান উৎপাদন প্রক্রিয়ায় গতি আনতে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে বাণিজ্যিক বিমান বিভাগের প্রায় পাঁচ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
প্রতিষ্ঠানটির বাণিজ্যিক বিমান বিভাগের প্রধান স্টেফানি পোপ কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় এই কর্মী ছাঁটাইয়ের কথা নিশ্চিত করেছেন।
কর্মীদের উদ্দেশ্যে পাঠানো স্মারকে স্টেফানি পোপ উল্লেখ করেন, তৃতীয় প্রান্তিকের আয় ও ব্যায়ের হিসাব পর্যালোচনার পর স্পষ্ট হয়েছে যে কারখানাসমূহ এবং সরবরাহকারী অংশীদারদের কাজের স্থায়িত্ব ও সক্ষমতা বজায় রাখার জন্য বিমানে উৎপাদন হার পুনরায় নির্ধারণ করা প্রয়োজন।
তিনি জানান, উড়োজাহাজ উৎপাদনের সময়সূচি সমন্বয় এবং সরবরাহ হ্রাস করার কারণে বর্তমানে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত কর্মী নিয়োজিত রয়েছেন, যা সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উৎপাদনের ধীরগতি ও ভবিষ্যৎ সংকট
বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ গত মাসেই বিনিয়োগকারীদের জানিয়েছিলেন যে প্রতিষ্ঠানটি চলতি বছরের জন্য নির্ধারিত ৭৩৭ মডেলের বিমান উৎপাদন এবং সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হবে।
পূর্বের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যে প্রতি মাসে ৪৭টি করে ৭৩৭ বিমান উৎপাদনের লক্ষ্য ধরা হলেও বর্তমান পরিস্থিতির কারণে সেটি ২০২৭ সালের শুরুর দিকে পিছিয়ে দেওয়া হয়েছে।
একই সঙ্গে বোয়িং তাদের চাহিদাবহুল ৭৮৮ ওয়াইডবডি বা বিশালাকার বিমানের উৎপাদনও প্রতি মাসে ৮টি থেকে ১০টিতে উন্নীত করতে ক্রমাগত সংগ্রামের মুখোমুখি হচ্ছে।
সিয়াটলভিত্তিক বোয়িংয়ের বাণিজ্যিক বিমান বিভাগে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী ৫০ হাজার ৪৯৪ জন কর্মী নিয়োজিত ছিলেন। যার ফলে এই পাঁচ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্তের ফলে আড়াই হাজারেরও বেশি কর্মীর চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক শেয়ারবাজারে খবরটি ছড়িয়ে পড়ার পরপরই কোম্পানিটির শেয়ারের দামে মন্দা দেখা যায়।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





