নম্বর থেকে আসা সন্দেহজনক বার্তায় সতর্ক থাকার অনুরোধ

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই

  • বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়।
  • যানজটে গাড়ির জানালা খোলা থাকা অবস্থায় ফোনটি ছিনিয়ে নেয় নীল টি-শার্ট পরা এক যুবক
  • ফোন উদ্ধার না হওয়া পর্যন্ত তার নম্বর থেকে আসা অর্থ দাবি, হুমকি বা সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন তিনি

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই
ফাইল ফটো
১২ নভেম্বর, ২০২৬ ০০:২৮  

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনোভাবে কেউ টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে তা এড়িয়ে যেতে হবে।

ঘটনার বিবরণে প্রকাশ আসিফ নজরুল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। গাড়িতে বসে মোবাইল ফোনের বার্তা দেখার সময় পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই যুবককে ধরার চেষ্টা করলেও সে দৌড়ে পালিয়ে যায়।

আসিফ নজরুল বলেন, ‘আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে। ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।’

ফোনটি উদ্ধার না হওয়া পর্যন্ত তার পরিচয়ে পাঠানো কোনো বার্তা বা অর্থ দাবির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

//ডিবিটেক/এফবিপিআর/এসএমই/এফওইডি//