ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট চলাচলে বড় বিঘ্ন

রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী

  • ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে
  • বাতিল ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট
  • ক্ষতিগ্রস্ত ২৩ হাজার ২৭৪ যাত্রীর ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে

রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী
১২ নভেম্বর, ২০২৬ ০৬:১৪  

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে মোট ১৮৯টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে গত ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং রিয়াদ এয়ারের ২৫টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ওপর। এয়ারলাইনটির ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইটে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল যাত্রীদের। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় অপেক্ষমাণ যাত্রীদেরও পরিবহন করেনি এয়ারলাইনসগুলো। ফলে সরাসরি সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি ট্রানজিটনির্ভর যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

এর আগে হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখে। পরে পরিস্থিতি বিবেচনায় এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।

নিরাপত্তা পরিস্থিতির প্রভাব দীর্ঘায়িত হওয়ায় সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান, ছুটি শেষে কর্মস্থলে ফেরা এবং জরুরি প্রয়োজনে দেশটিতে যেতে চাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

//ডিবিটেক/ডিপিও/এসএমই/এফওইডিস//