গার্মেন্ট স্টিমার, ইলেকট্রিক শেভার, হেয়ার ড্রায়ার ও স্মার্ট স্কেল মিলছে সাশ্রয়ী মূল্যে
বাংলাদেশে শাওমির পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস উন্মোচন
- মাত্র ২৬ সেকেন্ডে গরম হওয়া ১৩০০ ওয়াটের হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার ধ্বংস করবে ৯৯.৯% জীবাণু
- ১৮ ব্লেডের শেভার এস১০১, টাচ-সেন্সিং এস২০০ এবং নেগেটিভ-আয়নযুক্ত ফোল্ডেবল হেয়ার ড্রায়ার এইচ১০১
- ১,৮৯৯ টাকা থেকে শুরু করে ৪,৫৯৯ টাকার মধ্যে শাওমির সকল অনুমোদিত স্টোরে মিলছে পণ্যগুলো
দৈনন্দিন লাইফস্টাইল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেশের বাজারে একসঙ্গে পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। উন্মোচিত পণ্যগুলোর মধ্যে রয়েছে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, শাওমি ইলেকট্রিক শেভার এস১০১, শাওমি ইলেকট্রিক শেভার এস২০০, শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ এবং শাওমি স্মার্ট স্কেল এস২০০। প্রতিটি ডিভাইসে ব্যবহারিক কার্যকারিতা, কমপ্যাক্ট ডিজাইন এবং আধুনিক ফিচারের সমন্বয় ঘটানো হয়েছে, যা গ্রাহকদের পোশাকের যত্ন, ব্যক্তিগত গ্রুমিং, চুলের স্টাইলিং ও স্বাস্থ্য ট্র্যাকিংয়ে সহায়তা করবে।
২৭ অক্টোবর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে এই ডিভাইসগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচনের ঘোষণা দেয় শাওমি।
লাইনআপের অন্যতম আকর্ষণ শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, যাতে ব্যবহার করা হয়েছে ১,৩০০ ওয়াটের শক্তিশালী হিটিং সিস্টেম। এটি ২৬ সেকেন্ডেরও কম সময়ে গরম হয়ে একবারে সর্বোচ্চ ৬টি শার্ট স্টিম করতে সক্ষম। এর উচ্চ-তাপমাত্রার স্টিম কাপড়ে থাকা ৯৯.৯ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে পারে। এতে রয়েছে ১৬০ মিলিলিটারের সহজে খোলা যায় এমন ওয়াটার ট্যাঙ্ক এবং ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ডিজাইন, যা উল্লম্ব বা অনুভূমিক উভয়ভাবেই আয়রনিংয়ের সুবিধা দেয়।
পুরুষদের পার্সোনাল গ্রুমিংয়ে উন্মোচিত হয়েছে দুটি ইলেকট্রিক শেভার। এর মধ্যে শাওমি ইলেকট্রিক শেভার এস১০১-এ রয়েছে ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ও তিন সেটের ডুয়েল-ট্র্যাক ফয়েল, যা মসৃণ শেভিং অভিজ্ঞতা নিশ্চিত করে। আইপিএক্স৭ ওয়াটার রেজিস্ট্যান্ট বডি ও টাইপ-সি চার্জিং সুবিধাযুক্ত ডিভাইসটির ব্যাটারি মাত্র দেড় ঘণ্টায় পূর্ণ চার্জ হয়ে দৈনিক ১ মিনিট ব্যবহারে টানা ২ মাস পর্যন্ত ব্যাকআপ দেবে। অন্যদিকে প্রিমিয়াম শাওমি ইলেকট্রিক শেভার এস২০০-এ যুক্ত করা হয়েছে অত্যাধুনিক টাচ-সেন্সিং প্রযুক্তি, যা ত্বকের স্পর্শ পেলেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। ডিটাচেবল ম্যাগনেটিক হেড ও আইপিএক্স৭ ওয়াটারপ্রুফ সুবিধাযুক্ত এই শেভারটি ৬০ মিনিট পর্যন্ত একটানা কাজ করতে পারে।
চুলের যত্নে আনা শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১-এ রয়েছে ২০,০০০ আরপিএমের উচ্চগতির মোটর, যা প্রতি সেকেন্ডে ১৫ মিটার গতিতে বাতাস তৈরি করে দ্রুত চুল শুকায়। এতে গরম ও ঠান্ডা বাতাসের দুটি মোডের পাশাপাশি ফ্রিজ দূর করতে নেগেটিভ-আয়ন প্রযুক্তি এবং অতিরিক্ত গরম হওয়া রোধে ডুয়েল ওভারহিট প্রটেকশন রাখা হয়েছে।
ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ও বডি মেট্রিক্স ট্র্যাকিংয়ে এসেছে শাওমি স্মার্ট স্কেল এস২০০। এটি রিয়েল-টাইমে ওজন ও বিএমআই (BMI) পরিমাপের পাশাপাশি ব্যবহারকারীর বয়স ও উচ্চতা অনুযায়ী আদর্শ ওজনের দিকনির্দেশনা দেয়। শাওমি হোম অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ৩৬ জন ব্যবহারকারীর স্বাস্থ্য অগ্রগতি ট্র্যাক করা সম্ভব এই ডিভাইসটিতে।
মূল্যের দিক থেকে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারের দাম ধরা হয়েছে ৪,১৯৯ টাকা, শাওমি ইলেকট্রিক শেভার এস১০১ মিলছে ৩,৭৯৯ টাকায়, শাওমি ইলেকট্রিক শেভার এস২০০-এর দাম ৪,৫৯৯ টাকা, কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ পাওয়া যাচ্ছে ২,৪৯৯ টাকায় এবং স্মার্ট স্কেল এস২০০ পাওয়া যাচ্ছে ১,৮৯৯ টাকায়। দেশজুড়ে শাওমির সকল অনুমোদিত রিটেল আউটলেটে ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/এমএমআর/এসএমই/এমভিএনও//





