ছয় দিনে ১৮ ঘণ্টার প্রশিক্ষণ, ডিপফেক শনাক্তকরণ ও এআই অটোমেশন
এআই ও ফ্যাক্ট চেকিংয়ে ১২ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে বিসিসি
ছয় দিনে ১৮ ঘণ্টার প্রশিক্ষণ, এআই দিয়ে তথ্য বিশ্লেষণ থেকে ডিপফেক শনাক্তকরণ শেখানো হবে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, তথ্য বিশ্লেষণ এবং ডিজিটাল মাধ্যমে ছড়ানো অপতথ্য ও ভুয়া খবর শনাক্ত করার দক্ষতা বাড়াতে সরকারি-বেসরকারি ১২ কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণে এআই দিয়ে গবেষণা, প্রতিবেদন তৈরি, তথ্য বিশ্লেষণ, কাজ স্বয়ংক্রিয়করণ (অটোমেশন), ছবি ও ভিডিও তৈরি এবং ডিজিটাল ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দিক শেখানো হচ্ছে।
প্রশিক্ষণের প্রথম পাঁচ দিনের সেশন পরিচালনা করছেন Discovery AI-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) সাদ্দাম হোসেন। শেষ দিনের ফ্যাক্ট চেকিং সেশন পরিচালনা করবেন Activate Rights-এর রিসার্চ লিড মিনহাজ আমান। কোর্স সূচি অনুযায়ী, এআইয়ের ব্যবহারিক প্রয়োগ ও তথ্য বিশ্লেষণের পাশাপাশি ডিজিটাল কনটেন্টের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের সত্যতা যাচাই, বিভ্রান্তিকর তথ্য শনাক্ত এবং নির্ভরযোগ্য উৎসের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করার কৌশল শেখানো হচ্ছে।
আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে ৮ নভেম্বর, রবিবার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিসিসির নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। প্রশিক্ষণগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের পাঁচজন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন। বাকি ছয়জনকে ব্যক্তিগত পরিচয়ে তালিকাভুক্ত করেছে বিকেসিআইসিটি।
বিসিসি পরিচালিত ‘AI Applications and Digital Fact Checking’ শীর্ষক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে এআইয়ের কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার এবং অনলাইন তথ্যের সত্যতা যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশিক্ষণে ভুয়া সংবাদ, বিভ্রান্তিকর তথ্য, সম্পাদিত ছবি-ভিডিও, ডিপফেক এবং এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার কৌশল শেখানো হচ্ছে।
সরকারি কর্মকর্তাদের দৈনন্দিন দাপ্তরিক কাজে এআইয়ের ব্যবহার বাড়ানো, তথ্য যাচাইয়ের সক্ষমতা তৈরি এবং নির্ভরযোগ্য ডিজিটাল যোগাযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি এআইয়ের সীমাবদ্ধতা, নৈতিকতা, তথ্যের গোপনীয়তা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মানুষের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কেও ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে।
বিসিসির প্রকাশিত প্রশিক্ষণ সূচি অনুযায়ী, ছয়টি প্রশিক্ষণ দিবসে মোট ১৮ ঘণ্টার ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম সেশন এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় সেশন নির্ধারিত রয়েছে। দুই সেশনের মাঝখানে ১৫ মিনিটের চা-বিরতি রাখা হয়েছে।
এআই দিয়ে তথ্য বিশ্লেষণ ও ডেটা অ্যানালিটিকস
প্রশিক্ষণের প্রথম দিন ৮ নভেম্বর ‘What is AI? Data Analysis with AI’ বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে এআইয়ের সংজ্ঞা, ব্যবহারিক উদাহরণ, ন্যারো এআই ও জেনারেল এআইয়ের পার্থক্য এবং সরকারি কাজে এআইয়ের প্রভাব তুলে ধরা হয়। সরকারি নথি প্রক্রিয়াকরণ, নাগরিক সেবা ও তথ্য ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার দেখানোর পাশাপাশি Grok AI ও Qwen AI দিয়ে তথ্য বিশ্লেষণের হাতে-কলমে অনুশীলন করানো হয়।
১০ নভেম্বর দ্বিতীয় দিনের বিষয় ‘Intermediate Data Analysis and Advanced Data Insights’। এতে Google Colab-এ বড় ডেটাসেট নিয়ে কাজ, এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে Python কোড তৈরি এবং সেই কোড ব্যবহার করে তথ্য বিশ্লেষণ শেখানো হচ্ছে। পাশাপাশি পূর্বাভাস তৈরি, ট্রেন্ড শনাক্ত এবং বিভিন্ন তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের বিষয়ও রয়েছে।
এআই এজেন্ট ও অটোমেশন
১২ নভেম্বর তৃতীয় দিনের বিষয় ‘Building AI Agents from Fundamentals to Advanced’। এতে এআই এজেন্ট কীভাবে ব্যক্তিগত সহকারীর মতো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, কর্মপ্রবাহ স্বয়ংক্রিয় করার ধারণা এবং Gemini, DeepSeek ও n8n-এর ফ্রি সংস্করণ ব্যবহার করে এজেন্ট তৈরির প্রাথমিক অনুশীলন রয়েছে।
দুই দিনের বিরতির পর ১৫ নভেম্বর চতুর্থ দিনে ‘Visual Automation and Advanced Automation’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। n8n ব্যবহার করে ভিজ্যুয়াল কর্মপ্রবাহ তৈরি এবং Gemini, DeepSeek ও n8n-কে সমন্বিত করে একাধিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার পদ্ধতি শেখানো হচ্ছে।
এআই দিয়ে প্রতিবেদন, ছবি ও ভিডিও তৈরি
১৭ নভেম্বর পঞ্চম দিনের বিষয়বস্তু ‘Content Generation, Reference, Reports, Image and Video Creation’। এতে এআই ব্যবহার করে দাপ্তরিক নোট তৈরি, গবেষণা, তথ্যসূত্র যাচাই, প্রতিবেদন ও পেশাদার উপস্থাপনা তৈরির পদ্ধতি শেখানো হচ্ছে। এআইয়ের দেওয়া তথ্য নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখা, রেফারেন্স ও সাইটেশনসহ গবেষণাভিত্তিক পর্যালোচনা এবং PowerPoint তৈরি থাকবে ব্যবহারিক অনুশীলনে। একই দিনে এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরির পাশাপাশি উন্নত ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
১৯ নভেম্বর শেষ দিনের প্রশিক্ষণের বিষয় ‘Fact-Checking’। এতে তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার কৌশল, ডিজিটাল ভেরিফিকেশন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিশ্লেষণ এবং এআইয়ের সহায়তায় ডিজিটাল কনটেন্ট যাচাইয়ের বিষয়গুলো শেখাবেন Activate Rights-এর রিসার্চ লিড মিনহাজ আমান।
এদিকে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ দাপ্তরিক কাজে এআইয়ের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, গবেষণা ও প্রতিবেদন তৈরি এবং ডিজিটাল তথ্য যাচাইয়ের দক্ষতা প্রয়োগ করতে পারবেন বলে কোর্সের প্রত্যাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সহকর্মীদের মধ্যে দায়িত্বশীল এআই ব্যবহার ও ফ্যাক্ট চেকিং চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও রয়েছে।
বিসিসির কোর্স পরিকল্পনায় বলা হয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা ও এআই-সাক্ষরতা বাড়ানোর পাশাপাশি জনসাধারণের কাছে আরও নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া, কর্মদক্ষতা বৃদ্ধি এবং অপতথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধে সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে।
//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমভিএনও//





