ঢাকায় চার দিনের কর্মশালা

শিশু পাচার তদন্তে ক্রিপ্টোকারেন্সি প্রশিক্ষণ

  • পাঁচ সংস্থার ৩৯ কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন
  • ব্লকচেইন বিশ্লেষণ ও ডিজিটাল লেনদেন শনাক্তকরণ শেখানো হবে
  • শিশু যৌন শোষণ ও পাচার তদন্তে সক্ষমতা বাড়ানোই লক্ষ্য

শিশু পাচার তদন্তে ক্রিপ্টোকারেন্সি প্রশিক্ষণ
৯ নভেম্বর, ২০২৬ ১৬:১৪  

ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সংঘটিত আর্থিক অপরাধের তদন্ত এবং শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্র শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশের উদ্যোগে সোমবার (৯ নভেম্বর) রাজধানীর রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।

‘অভ্যন্তরীণ শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল তদন্ত এবং বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ’ শীর্ষক প্রশিক্ষণটি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এতে পাঁচটি আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার মোট ৩৯ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইসরাত জাহান, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মানব পাচারবিষয়ক রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি এবং আইজেএম বাংলাদেশের কর্মকর্তারা।

প্রশিক্ষণার্থীদের মধ্যে সিআইডির ১১ জন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১২ জন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ১০ জন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দুজন করে এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দুজন কর্মকর্তা রয়েছেন।

চার দিনের প্রশিক্ষণে চারজন বিশেষজ্ঞ প্রশিক্ষক মোট ১৪টি সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষকরা হলেন পিবিআইয়ের পুলিশ সুপার মো. জহুরুল হক; সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সিপিসি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম, বিপি; এনএসআইয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং আইজেএমের ইউরোপীয় মানব পাচারবিরোধী কর্মসূচির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন ও অংশীদারত্ববিষয়ক ব্যবস্থাপক ক্যালেব ক্যারল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রেবেকা খান বলেন, মানব পাচার ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শোষণ প্রতিরোধে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তদন্ত ও বিচারপ্রক্রিয়ার উন্নয়ন, ভুক্তভোগীদের সুরক্ষা ও সহায়তা জোরদার, প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি এবং শিশুর বাণিজ্যিক যৌন শোষণের মতো অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে উল্লেখযোগ্য প্রচেষ্টা নেওয়া হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, সক্ষমতা, অংশীদারত্ব ও কার্যকর বাস্তবায়ন আরও জোরদার করতে হবে। তাঁর ভাষ্য, গৃহীত নীতি, আয়োজিত সভা কিংবা প্রশিক্ষণের সংখ্যা দিয়ে সাফল্য পরিমাপ করা যায় না। বরং শোষণ থেকে সুরক্ষিত শিশুর সংখ্যা, ন্যায়বিচার পাওয়া ভুক্তভোগী এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সক্ষম তদন্তের মাধ্যমেই সাফল্য নির্ধারিত হয়। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং আইনের শাসন সমুন্নত রাখতে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ওপর জনগণের আস্থাও সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ক্লেয়ার উইলকিনসন বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে এবং অপরাধী চক্রগুলো দ্রুত তাদের অপরাধ সংঘটনের কৌশল ও পদ্ধতি বদলাচ্ছে। শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। তদন্ত যদি তাৎক্ষণিক অপরাধী বা অপরাধস্থলে সরাসরি শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে অপরাধের সঙ্গে যুক্ত বৃহত্তর নেটওয়ার্ক ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে পারে।

তিনি আরও বলেন, অপরাধগুলো ক্রমেই জটিল ও কৌশলনির্ভর হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ ও সাড়াদান প্রক্রিয়াকে আরও দক্ষ এবং কৌশলগত করতে হবে। প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানো, পারস্পরিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ দেশ গড়তে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রশিক্ষণে ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট অপরাধের সাম্প্রতিক প্রবণতা এবং মানব পাচার, শিশুর বাণিজ্যিক যৌন শোষণ, সাইবার জালিয়াতি ও অর্থ পাচারের সঙ্গে এসব অপরাধের সম্পর্ক তুলে ধরা হবে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইনের মৌলিক ধারণা, অপরাধমূলক কর্মকাণ্ডে ডিজিটাল মুদ্রার ব্যবহার এবং উন্মুক্ত তথ্যভিত্তিক গোয়েন্দা অনুসন্ধান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশের মানব পাচার পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের মানব পাচারবিষয়ক (টিআইপি) প্রতিবেদনের সাম্প্রতিক বিষয়, অর্থ পাচার ও মুক্তিপণ আদায়ের প্রবণতাও আলোচনায় থাকবে।

ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্লকচেইন বিশ্লেষণ, ডিজিটাল সম্পদের লেনদেন শনাক্তকরণ এবং মানব পাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের আর্থিক কার্যক্রম অনুসন্ধানের দক্ষতা অর্জন করবেন। এ ছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক শনাক্ত করে ভেঙে দেওয়া, অনলাইনে তদন্তকারীদের নিরাপত্তা এবং ডার্ক ওয়েবে তদন্তের কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর শিশু যৌন শোষণ ও পাচার মোকাবিলায় তদন্ত কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনের প্রশিক্ষণ শেষ হবে।

আইজেএম বাংলাদেশের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ৫০ শতাংশ কমিয়ে আনা এবং ৬০ লাখ শিশুর সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং অপরাধ দমন ও প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির জন্য মাঠপর্যায়ের প্রথম সাড়াদানকারী, সিদ্ধান্ত গ্রহণকারী ও নীতিনির্ধারকদের সহায়তা করছে। আইজেএম বাংলাদেশ ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১১টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে।
//ডিবিটেক/আরএমআইজেএম/এসএমপি/এমভিএনও//