নতুন গল্পে ফিরছেন চঞ্চল চৌধুরী ও মোস্তাফিজুর নূর ইমরান

চরকিতে ১২ নভেম্বর আসছে মরিচঝাঁপি ও ভূরাজনীতির সিরিজ ‘ফেউ কমপ্লিট সাগা’

  • পশ্চিমবঙ্গের মরিচঝাঁপি গণহত্যা ও ভূরাজনীতির পটভূমিতে নির্মিত সিরিজ ‘ফেউ’-এর পূর্ণাঙ্গ রূপ ‘ফেউ কমপ্লিট সাগা’ 
  • প্রথম ও দ্বিতীয় সিজনের গল্পকে একত্র করে একটি সম্পূর্ণ ধারাবাহিক হিসেবে সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক সুকর্ণ শাহেদ ধীমান
  • একঝাঁক তারকার অভিনয়ে সুন্দরবনের দুর্গম অঞ্চলে প্রায় এক বছর ধরে এর দৃশ্যধারণ করা হয়েছে

চরকিতে ১২ নভেম্বর আসছে মরিচঝাঁপি ও ভূরাজনীতির সিরিজ ‘ফেউ কমপ্লিট সাগা’
৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩৯  

পশ্চিমবঙ্গের মরিচঝাঁপি গণহত্যা ও স্থানীয়-আন্তর্জাতিক ভূরাজনীতির পটভূমিতে নির্মিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফেউ’-এর পূর্ণাঙ্গ রূপ ‘ফেউ কমপ্লিট সাগা’ আগামী ১২ নভেম্বর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে টিজার প্রকাশের পাশাপাশি এই তথ্য নিশ্চিত করেছে চরকি কর্তৃপক্ষ। প্রথম সিজনের অসম্পূর্ণ গল্প ও নতুন অংশের সমন্বয়ে পুরো কাহিনীকে এবার একটি পূর্ণাঙ্গ সিরিজে রূপ দেওয়া হয়েছে।

নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান জানান, এটি কেবল সিরিজের দ্বিতীয় সিজন নয়, বরং প্রথম সিজনের ভূরাজনীতি ও সংকটের ওপর ভিত্তি করে বাকি অংশ যুক্ত করে একটি একক গল্প হিসেবে সাজানো হয়েছে, যা নতুন ও পুরোনো সব দর্শকের কাছেই উন্মুক্ত হবে। সুন্দরবনের দক্ষিণ অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে একদিকে বাংলাদেশি তরুণ ড্যানিয়েলের বাবার সন্ধান ও বিদেশি এজেন্টদের সংঘর্ষ এবং অন্যদিকে সাধারণ মানুষের অধিকার আদায়ের নেতা ‘মার্শাল’-এর সংগ্রামের পরিণতি তুলে ধরা হয়েছে।

সিরিজটির অন্যতম প্রধান চরিত্র ‘সুনীল’ ও ‘মার্শাল’ রূপে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং মোস্তাফিজুর নূর ইমরান। নিজের চরিত্র প্রসঙ্গে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, “মার্শাল চরিত্রটি একজন প্রকৃত সংগ্রামীর প্রতিচ্ছবি। দর্শকরা এবার পুরো গল্পের আসল রোমাঞ্চ উপভোগ করবেন।” চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, দুর্গম লোকেশন, তরুণ ও প্রবীণ শিল্পীদের চমৎকার অভিনয় এবং নিখুঁত ভিজ্যুয়াল উপস্থাপন দর্শকদের ইতিহাসের এই রক্তক্ষয়ী জার্নিটিকে সুন্দরভাবে অনুধাবন করতে সাহায্য করবে।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, বাবলু বোসসহ খুলনা ও বাগেরহাটের শতাধিক স্থানীয় শিল্পী। সুকর্ণ শাহেদ ধীমান ও রোমেল রহমানের গল্পে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সুকর্ণ শাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ। খুলনা, বটিয়াঘাটা, চালনা, মোংলা ও সাতক্ষীরার বিভিন্ন দুর্গম অঞ্চলে প্রায় এক বছর ধরে সিরিজটির দৃশ্যধারণ করা হয়েছে।

//ডিবিটেক/বিডিএন/এসএমই/এমএসআই//