কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি

বাকৃবি ভিসির নামে ভুয়া বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

  • উপাচার্যের নামে প্রচারিত বক্তব্যকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলেছে বাকৃবি
  • ‘অ্যাসপেক্ট সিরিজ’ ফেসবুক পেজে বক্তব্যটি প্রকাশিত হয়
  • পোস্ট সরিয়ে সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

বাকৃবি ভিসির নামে ভুয়া বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ
১০ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে প্রচারিত ওই বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে যাচাই ছাড়া ব্যক্তির নামে বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১০ নভেম্বর, মঙ্গলবার বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘অ্যাসপেক্ট সিরিজ’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে একটি বক্তব্য প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্যের অনুরোধে বাকৃবি এবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ব্যবস্থাপনায় পৃথক ভর্তি পরীক্ষা আয়োজন করত।

তবে বাকৃবি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, উপাচার্য এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাঁর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর নামে এমন বক্তব্য প্রকাশ করাকে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফেসবুক পেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পোস্টটি অপসারণ এবং যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ব্যক্তির বক্তব্য প্রচারের আগে তথ্য যাচাই এবং দায়িত্বশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্যের নামে প্রচারিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতেও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ‘কৃষিগুচ্ছ’-এর অন্তর্ভুক্ত থেকেই ভর্তি পরীক্ষা গ্রহণ করবে।

//ডিবিটেক/বিইউএএইচ/এসএমই/এমআইএসটি//