মহাসমারোহে অনুষ্ঠিত হবে ১৪তম পুনর্মিলনী
জানুয়ারিতে সপ্তাহজুড়ে বুয়েটের দেড়শত বছর পূর্তি
- সার্ভে স্কুল হতে বুয়েটের দেড়শ বছর
- ৬ থেকে ১৩ জানুয়ারি সপ্তাহব্যাপী উৎসব
- অ্যালামনাইদের মিলনমেলায় বসবে নানা উদ্ভাবনী মেলা
‘সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬-২০২৬)’ প্রতিপাদ্য এবং উই আর প্রাউড অফ আওয়ার ১৫০ ইয়ার্স হেরিটেজ স্লোগানকে সামনে রেখে আগামী ০৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বুয়েট খেলার মাঠে সপ্তাহব্যাপী বুয়েটের গৌরবময় ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপূনর্মিলনী উদযাপিত হতে যাচ্ছে। ১১ নভেম্বর, বুধবার বুয়েটের কাউন্সিল ভবনের সেমিনার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বর্ণাঢ্য উৎসবের বিস্তারিত কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক এবং বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ট্রেজারার প্রফেসর ডঃ মোহাম্মদ আব্দুল মোতালেব জানান, এই মহাপূনর্মিলনীর মাধ্যমে অ্যালামনাইদের এক দৃঢ় সেতুবন্ধন তৈরি হবে। এরপর বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী আতিকুর রহমান ভূঁইয়া পিনু সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে আয়োজনকে সফল করতে সবার সহযোগিতা কামনা করার কথা জানানো হয়। পরে ১৪তম মহাপূনর্মিলনী উদযাপন কমিটির সদস্য-সচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান সপ্তাহব্যাপী উৎসবের বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন এবং কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রউফ আয়োজনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ডঃ মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, “১৮৭৬ সালে সার্ভে স্কুল থেকে যাত্রা শুরু করে আজকের এই অবস্থানে আসতে বুয়েট দেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতে অনন্য ভূমিকা রেখেছে। এই উৎসব আমাদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।”
প্রধান অতিথির বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য প্রফেসর ডঃ একরামুল হক জানান, “বুয়েটের ১৫০ বছর পূর্তি কেবল একটি বিশ্ববিদ্যালয়ের উৎসব নয়, বরং এটি বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও জাতীয় উন্নয়নের এক ঐতিহাসিক মাইলফলক। দেশ ও বিদেশে কর্মরত আমাদের কৃতি অ্যালামনিদের এই মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও বেগবান করবে।”
সভাপতির বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি প্রফেসর ডঃ আইনুন নিশাত জানান, “নলগোলা থেকে পলাশী - বুয়েটের দেড়শ বছরের এই দীর্ঘ পথচলা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের। অ্যালামনিদের এই মহামিলন আমাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা দেবে।” অডিওভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উন্মোচন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
ঘোষিত সূচি অনুযায়ী ১ম দিন (০৬ জানুয়ারি ২০২৭, বুধবার) বুয়েটের ৯টি হলে ‘হল-ডে প্রোগ্রাম’, আনন্দ র্যালি ও শহীদ মিনারে জমায়েত অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৬৩টি স্টল নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ইনোভেশন ফেয়ার, জব ফেয়ার ও বুক ফেয়ারের উদ্বোধন, বিকেলে ডঃ জামিলুর রেজা চৌধুরী ৫ম স্মারক বক্তৃতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ২য় দিন (০৭ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ১৫০ বছর পূর্তির উদ্বোধন, ইতিহাস বিষয়ক সেমিনার, উন্মুক্ত আলোচনা ও অ্যালামনাই পরিবারের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। ৩য় দিন (০৮ জানুয়ারি ২০২৭, শুক্রবার) ১৪তম মহাপূনর্মিলনী উদযাপন, প্রামাণ্য ভিডিও প্রদর্শন, কৃতিমান ১৫০ জন অ্যালামনাই নিয়ে আলোচনা, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও গ্র্যান্ড ডিনার অনুষ্ঠিত হবে। ৪র্থ দিন (০৯ জানুয়ারি ২০২৭, শনিবার) উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা, সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। ৫ম থেকে ৮ম দিন (১০-১৩ জানুয়ারি ২০২৭) পর্যন্ত সুন্দরবন সফর, পদ্মা নদী ডে ক্রুজ ও সারাহ রিসোর্টে ডে ট্রিপের মতো ঐচ্ছিক ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। ১৩ জানুয়ারি সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানে জানানো হয়, ৬ থেকে ৯ জানুয়ারি প্রতিদিন সকাল ১০:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ইনোভেশন ও বুক ফেয়ার এবং ০৬ ও ০৭ জানুয়ারি সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত রেজিস্ট্রেশন সামগ্রী বিতরণ ও জব ফেয়ার চলবে।
//ডিবিটেক/এসএসসি/আরডিই/এফওই//





