বিপিও খাতে ডিজিটাল সলিউশন সম্প্রসারণ
সেবা নিতে বাংলালিংক-বাক্কো সমঝোতা চুক্তি সই
- বাংলালিংক ও বাক্যোর মধ্যে করপোরেট ডিজিটাল সলিউশন ব্যবহারে স্মারক চুক্তি সই
- আউটসোর্সিং ও আইটিইএস প্রতিষ্ঠানের কাজের গতি বাড়াতে অত্যাধুনিক ডিভাইস ও টেলিকম সেবা
- যৌথ ইভেন্ট পরিচালনা ও বিপিও খাতের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিশেষ উদ্যোগ
দেশের বিপিও (BPO), আইটি ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা (ITES) খাতের বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে এবং উন্নত করপোরেট সেবা পৌঁছে দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্যও) এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।
এই চুক্তির ফলে বাক্যোর সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলালিংকের আধুনিক করপোরেট প্রোডাক্ট, হাই-স্পিড টেলিকমিউনিকেশন সেবা, স্মার্ট ডিভাইস এবং নানা ডিজিটাল সলিউশন ব্যবহারের বিশেষ সুযোগ পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমঝোতা চুক্তির অধীনে বাক্যও তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর সাথে বাংলালিংকের যোগাযোগ স্থাপন, প্রচারণামূলক তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টে টেলিকম অপারেটরটির অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে। এর মাধ্যমে আইটিইএস খাতের প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক চাহিদা অনুযায়ী কাস্টমাইজড ডিজিটাল ও টেলিকম প্রসেস গ্রহণ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাক্যোর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহিম, সহ-সভাপতি মো. তানজিরুল বাশার, পরিচালক আব্দুল কাদের, নির্বাহী সমন্বয়কারী সেলিম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ নাজিয়া সুলতানা এবং বিএসিবিসিও-এসআইসিআইপি প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী লে. কর্নেল মো. মাহতাবুল হক, পিএসসি (অব.)।
বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট রিলেশনস ডিরেক্টর এ এইচ এম হাসিনুল কুদ্দুস, হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস সিরাজ উদ্দিন এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার ফাইরুজ ইবনেত, সোয়াদ আজাদ ও শারমিন সুলতানা।
//ডিবিটেক/কিউএমএইচএফ/এসএমপি/ডিপিও//





