চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ

চাকরির বাজারের চাহিদা মেটাতে ক্যারিয়ার হাবের উদ্যোগ

  • ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্যারিয়ার হাবের আয়োজনে অংশ নেন
  • নিয়োগদাতারা এআই, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন
  • ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন ও প্রশিক্ষণে যৌথ উদ্যোগের আগ্রহ প্রকাশ

চাকরির বাজারের চাহিদা মেটাতে ক্যারিয়ার হাবের উদ্যোগ
৮ নভেম্বর, ২০২৬ ০২:১০  

চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিগত দক্ষতার চাহিদা বাড়ার প্রেক্ষাপটে চাকরিপ্রার্থীদের প্রস্তুতি এবং নিয়োগদাতাদের প্রত্যাশার মধ্যে সমন্বয় গড়ে তুলতে চট্টগ্রামে ‘এমপ্লয়ার্স মিটআপ ২০২৬’ করলো ব্র্যাকের ক্যারিয়ার হাব। চাকরিপ্রার্থীদের দক্ষতা, পেশাগত মানসিকতা ও নিয়োগদাতাদের চাহিদার মধ্যে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে ৭ নভেম্বর, শনিবার  চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে এ আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে রয়্যাল সিমেন্ট, আরএসজিটি বাংলাদেশ, ইস্পাহানী গ্রুপ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, চিটাগং স্টক এক্সচেঞ্জ, পিএইচপি মোটরস, বাংলালিংক, ক্লিফটন গ্রুপ, কেএসআরএম, এ কে খান অ্যান্ড কোম্পানি, সামিত এলিয়েন্স পোর্ট লিমিটেড, ইপসা ও আইএসডিইসহ ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এমপ্লয়মেন্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল আজিম। তিনি ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাকের লক্ষ্যের কথা তুলে ধরেন। এ লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরি এবং চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের গুরুত্বও তুলে ধরেন তিনি।

ক্যারিয়ার হাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন চট্টগ্রাম সেন্টারের ম্যানেজার আফরোজা খানম। তিনি জানান, চাকরিপ্রার্থীদের আরও কার্যকর সহায়তা দিতে ক্যারিয়ার হাবের কর্মীদের সাইকোসোশ্যাল কাউন্সেলিং বিষয়ে সনদ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্যারিয়ার হাব ইউনিভার্সিটি মডেলের আওতায় তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে স্নাতক সম্পন্ন করা পর্যন্ত চারটি ধাপে ক্যারিয়ার প্রস্তুতির উদ্যোগের কথা জানান তিনি।

অনুষ্ঠানে ক্যারিয়ার হাবের দুই সফল অংশগ্রহণকারী ইমন বড়ুয়া ও জেমিমা ইসরাত রিজু নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

মুক্ত আলোচনায় নিয়োগদাতারা বর্তমান চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা, পেশাদার আচরণ ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। দ্রুত চাকরি বা উপার্জনের পেছনে না ছুটে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের ওপরও তাঁরা গুরুত্ব দেন।

এ সময় ক্যারিয়ার হাবের সঙ্গে যৌথভাবে ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, জব অ্যাটাচমেন্ট ও প্রশিক্ষণের সুযোগ তৈরিতে আগ্রহ প্রকাশ করেন নিয়োগদাতারা।

সমাপনী বক্তব্যে ক্যারিয়ার হাবের এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফিসার জিসান বড়ুয়া অংশগ্রহণকারী ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এমপ্লয়ার্স মিটআপের লক্ষ্য কেবল নিয়োগদাতাদের সঙ্গে পরিচিতি তৈরি নয়; বরং চাকরির বাজারের বাস্তব চাহিদা, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং চাকরিপ্রার্থীদের প্রস্তুতির মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা।

এ ধরনের সংলাপের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ক্যারিয়ার হাবের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যারিয়ার হাবের ক্যারিয়ার কাউন্সেলিং অফিসার মরিয়ম আক্তার আসমা। আলোচনার শেষ পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আসন্ন ক্যারিয়ার এক্সপোতে নিজ নিজ প্রতিষ্ঠানের চাকরির শূন্যপদ নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
//ডিবিটেক/রোজাইন আল রাফি/এসএমপি/এমএসআই//