এইউএসটি ‘সিলিকন রিভার নেক্সট’:  সিইএস ২০২৭-এ যাবে ১০ উদ্ভাবন;

ফ্যাবল্যাব ও কর অব্যাহতির আশ্বাস বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

  • ২০৩০ সাল নাগাদ সেমিকন্ডাক্টর খাত থেকে ১০ বিলিয়ন ডলার আয়ের রূপরেখা ঘোষণা অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হুসাইনের
  • আউস্টে ‘সিলিকন রিভার নেক্সট ২০২৬’ আয়োজনে যুক্ত হলো মার্কিন চিপ টেকনোলজি প্রতিষ্ঠান ‘ইয়েস’ কনসোর্টিয়াম
  • গবেষণা যন্ত্রপাতি আমদানিতে কর ছাড় ও ন্যাশনাল ফ্যাবল্যাব স্থাপনে সরকারি সহায়তার ঘোষণা বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
  • লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস ২০২৭-এর জন্য নির্বাচিত ১০টি বাংলাদেশি উদ্ভাবনী পণ্য প্রদর্শনের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান

ফ্যাবল্যাব ও কর অব্যাহতির আশ্বাস বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
১১ নভেম্বর, ২০২৬ ১৬:২৯  
১১ নভেম্বর, ২০২৬ ১৭:৩৬  

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ফ্রন্টিয়ার ডিপ-টেক ইকোসিস্টেমে বাংলাদেশকে কেবল প্রযুক্তির আমদানিকারক নয়, বরং উদ্ভাবক ও উচ্চপ্রযুক্তির বৈশ্বিক সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আউস্ট) অনুষ্ঠিত হলো ‘সিলিকন রিভার নেক্সট ২০২৬’। অনুষ্ঠানে বক্তারা আগামী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ থেকে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিক্স খাতে ১০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের উচ্চাভিলাষী জাতীয় রূপরেখা তুলে ধরেন।

১১ নভেম্বর, বুধবার আউস্ট অডিটোরিয়ামে ‘সিলিকন রিভার বাংলাদেশ’ ইনিশিয়েটিভ ও বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) যৌথ উদ্যোগে এ ফ্ল্যাগশিপ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। স্বাগত বক্তব্য দেন আউস্টের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

সম্মেলনের প্লেনারি স্পিকার হিসেবে ‘বিল্ডিং অ্যান ইনোভেশন-লেড ডিপ-টেক নেশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিলিকন রিভার বাংলাদেশের চিফ আর্কিটেক্ট অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তাফা হুসাইন। তিনি বলেন, "সেমিকন্ডাক্টর খাতে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার রফতানি করা পুরোপুরি সম্ভব। আমাদের তরুণদের মধ্যে বিশ্বমানের মেধা ও জিনিয়াস রয়েছে, প্রয়োজন শুধু তাদের জন্য অনুকূল প্ল্যাটফর্ম তৈরি করা। এজন্য একাডেমিয়া, গবেষক, তরুণ উদ্যোক্তা এবং শিল্পপতিদের একটি সমন্বিত বলয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে আমরা দেশের ৬০টি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ব্রাঞ্চ সম্প্রসারণ করেছি, যা তরুণদের ফ্রন্টিয়ার গবেষণায় উদ্বুদ্ধ করছে।" তিনি আরও জানান, গত জুলাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটে প্রতিদ্বন্দ্বিতা করা উদ্ভাবনগুলোর মধ্য থেকে নির্বাচিত সেরা ১০টি উদ্ভাবনী পণ্য ২০২৭ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স শোতে (CES 2027) ‘বাংলাদেশ ইনোভেটস প্যাভিলিয়ন’-এ আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, "ন্যানোটেকনোলজি, জিনোম সিকোয়েন্সিং কিংবা কোয়ান্টাম কম্পিউটিং—সব ধরনের ফ্রন্টিয়ার টেকনোলজির মূল ভিত্তি হলো সেমিকন্ডাক্টর। ল্যাবরেটরির গবেষণাকে কেবল গবেষণাপত্রে সীমাবদ্ধ না রেখে সরাসরি বাজারে নিয়ে যেতে হবে। উদ্ভাবকদের সহায়তায় এনবিআর ও বাংলাদেশ ব্যাংককে যুক্ত করে নীতি সহায়তা এবং বিশেষ 'ইনোভেশন ফান্ড' চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। গবেষণার জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক যন্ত্রপাতি আমদানিতে ট্যাক্স বা শুল্ক অব্যাহতি সুবিধা দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করবে।" তিনি আরও উল্লেখ করেন, সিলিকন ভ্যালি ও বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানীদের মাধ্যমে 'ব্রেন সার্কুলেশন' ঘটিয়ে দেশে দ্রুত সেমিকন্ডাক্টর ফ্যাবল্যাব ও ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের স্বপ্ন দেখছে রাষ্ট্র, যা ২০৩৫ সালের মধ্যে জাতীয় প্রযুক্তিগত রূপান্তর ঘটাবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসআইএ সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টরের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার স্মৃতিচারণ করে বলেন, "২০১৭ সালে যখন আমরা প্রথম সিলিকন ভ্যালিতে গিয়ে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের স্বপ্নের কথা বলি, তখন তারা এটিকে অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল কারণ আমাদের কোনো স্থানীয় ইকোসিস্টেম ছিল না। আজ নয় বছর পর বিশ্ব আমাদের সক্ষমতাকে স্বীকৃতি দিচ্ছে এবং বিশ্বাস করছে। তরুণ প্রকৌশলীদের হাত ধরে বাংলাদেশ বৈশ্বিক চিপ ডিজাইনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।"

অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ার শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর ইকুইপমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ইল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমস’ (YES)-এর সহযোগিতায় দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ওয়াইসিআরসি’ (YCRC) গবেষণা কনসোর্টিয়াম ঘোষণা করা হয়। এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনিভার্সিটিতে ‘ইয়েস কোলাবোরেটিভ রিসার্চ ল্যাব’ স্থাপন এবং ডিজিটাল টুইন সুবিধা চালু করা হবে। এ পর্বে ভিডিও বার্তা দেন ইয়েস-এর চিফ টেকনোলজি অফিসার (সিটিও) ড. জিয়া করিম এবং বিশ্বের অন্যতম শীর্ষ সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি ‘গ্লোবালফাউন্ড্রিজ’-এর সিনিয়র ফেলো ও ভাইস প্রেসিডেন্ট ড. মাহবুব রাশেদ।

দিনব্যাপী আয়োজনে সেমিকন্ডাক্টর শিল্প খাতের অভিজ্ঞতা তুলে ধরেন উলকাসেমির (Ulkasemi) প্রতিনিধি কে এম আল যুবায়ের, প্রাইমসিলিকন টেকনোলজির অর্ণব কর্মকার এবং এসিআই সেমিকন্ডাক্টরের প্রতিনিধি রেজওয়ান।

এছাড়া বক্তব্য রাখেন আউস্ট ইইই সোসাইটির সহ-সভাপতি আরাফাত রাতুল, সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি রকিবুল ইসলাম রাফি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া। অনুষ্ঠানে ২০২৬ সালের ১০ জন বিদায়ী সিআরইএসটি ফেলোকে সম্মাননা প্রদান এবং ২০২৭ সালের জন্য নির্বাচিত ১৮ জন নতুন গবেষককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমআইএসটি//