ওয়ার্ল্ড ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস ২০২৬–২৭

বৈশ্বিক ‘ব্র্যান্ড অব দ্য ইয়ার’ বিওয়াইডি

  • অটোমোবাইল ক্যাটাগরিতে গ্লোবাল টিয়ারে স্বীকৃতি পেয়েছে বিওয়াইডি।
  • লন্ডনের হ্যাম্পটন কোর্ট প্যালেসে পুরস্কার প্রদান করা হয়।
  • ১২০টির বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি

বৈশ্বিক ‘ব্র্যান্ড অব দ্য ইয়ার’ বিওয়াইডি
৫ নভেম্বর, ২০২৬ ০১:১২  

বৈশ্বিক নিউ এনার্জি ভেহিকল নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটোমোবাইল ক্যাটাগরিতে ২০২৬–২৭ সালের ‘ওয়ার্ল্ড ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস’-এ ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে হ্যাম্পটন কোর্ট প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে গ্লোবাল টিয়ারে এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি। বিশ্বের ১২০টির বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী বিওয়াইডির এ অর্জন আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডটির অবস্থান ও পরিচিতির প্রতিফলন।

ওয়ার্ল্ড ব্র্যান্ডিং ফোরাম আয়োজিত এ পুরস্কারের জন্য মনোনীত ব্র্যান্ডগুলোর আর্থিক মূল্যায়ন, ভোক্তা পর্যায়ের বাজার গবেষণা এবং অনলাইনে সাধারণ মানুষের ভোট বিবেচনা করা হয়। গ্লোবাল টিয়ারে স্বীকৃতি পাওয়ার শর্ত অনুযায়ী, একটি ব্র্যান্ডকে অন্তত তিনটি মহাদেশের ১০টি বা তার বেশি দেশে কার্যক্রম পরিচালনা করতে হয়। এ স্বীকৃতি কোনো একটি দেশের বাজারের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিওয়াইডির ব্র্যান্ড পরিচিতি ও উপস্থিতির বিষয়টি তুলে ধরে।

এ অর্জন প্রসঙ্গে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, ‘এ বৈশ্বিক স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। বিওয়াইডির কাছে ব্র্যান্ড গড়ে তোলার অর্থ হলো এমন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা, যা তাঁদের দৈনন্দিন জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারে। এ পুরস্কার নতুন উদ্ভাবন অব্যাহত রাখতে এবং বিশ্বের বিভিন্ন দেশের অংশীদারদের সঙ্গে কাজ করে আরও বেশি মানুষের কাছে টেকসই পরিবহনব্যবস্থা পৌঁছে দিতে আমাদের উৎসাহিত করবে।’

বাংলাদেশের বাজারে এ অর্জনের গুরুত্ব তুলে ধরে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘এ বৈশ্বিক স্বীকৃতি বাংলাদেশের চালকদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি ভেহিকল ও টেকসই উদ্ভাবন পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। দেশের গ্রাহকেরা আশ্বস্ত হতে পারেন যে তাঁরা এমন একটি ব্র্যান্ড বেছে নিচ্ছেন, যার ওপর বিশ্বজুড়ে লাখো মানুষ আস্থা রাখেন।’

বর্তমানে বাংলাদেশসহ ১২০টির বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে বিওয়াইডি। নিউ এনার্জি ভেহিকেলের সম্ভার সম্প্রসারণের পাশাপাশি ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’—অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিওয়াইডি বাংলাদেশও এ লক্ষ্য স্থানীয় পর্যায়ে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে। এর অংশ হিসেবে সম্প্রতি মাসব্যাপী ‘গ্রিন ড্রাইভ’ ক্যাম্পেইন আয়োজন করে প্রতিষ্ঠানটি।

//ডিবিটেক/এএইচসিএফপি/এসএমপি/এমভিএনও//