জানালার কাচ ভেঙে বিছানায় ছড়িয়ে পড়ে
বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা শিক্ষার্থী
- সোমবার রাত ১১টা ৪২ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে
- একটি কক্ষে জানালার কাচ ভেঙে বিছানায় ছড়িয়ে পড়ে ককটেলের গুঁড়া
- তিনটি ককটেল নিক্ষেপের দাবি, দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থীর কক্ষের জানালার কাচ ভেঙে বিছানায় ছড়িয়ে পড়েছে ককটেলের গুঁড়া ও কাচের টুকরা। বিস্ফোরণের সময় ওই কক্ষে না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শিক্ষার্থী মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব। তাঁর দাবি, হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন আকিব।
পোস্টে তিনি লেখেন, ‘সম্ভবত মৃত্যুর হাত থেকে বাঁচলাম। বুয়েটের আহসানউল্লাহ হলে রাত ১১টা ৪২ মিনিটে আমার জানালার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রুম নম্বর ১৩৭। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া আমার বিছানায় এসে পড়ে।’
আকিব জানান, বিস্ফোরণের সময় তিনি পাশের ১৩৪ নম্বর কক্ষে বন্ধু আদিবের সঙ্গে ছিলেন। ফলে বিস্ফোরণের সরাসরি ঝুঁকি থেকে রক্ষা পান তিনি। তবে তাঁর কক্ষে থাকা অন্য দুই শিক্ষার্থী বিকট শব্দ, আগুনের ফুলকি ও ভাঙা কাচের টুকরা দেখে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে আকিব আরও লেখেন, ‘একটু আগেও এই বেডে আমি বসে ছিলাম। আল্লাহ বাঁচালো।’
ওই শিক্ষার্থীর দাবি অনুযায়ী, আহসানউল্লাহ হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলেও তিনি জানান।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন অনেকে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ককটেল নিক্ষেপে জড়িতদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
//ডিবিটেক/এসএএন/এসএমই/এমআইএসটি//





